
শেষ আপডেট: 3 November 2023 14:38
দ্য ওয়াল ব্যুরো: আটাকলের ভিতর থেকে শুনতে পেয়েছিলেন মায়ের চিৎকার। ভিতর থেকে বন্ধ ছিল দরজা। বেশ অনেকক্ষণ বাদে দরজা খুলতেই সব শেষ। রক্তে ভেসে যাচ্ছে ঘর। মেঝেতে পড়ে রয়েছে মায়ের টুকরো টুকরো করে কাটা দেহ। এক দলিত মহিলাকে ধর্ষণের পর খুন করে তাঁর দেহ কেটে টুকরো টুকরো করা হয়েছে। ঘটনাটিতে অভিযুক্তরা পলাতক। তদন্ত নেমেছে পুলিশ।
নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায় একটি গ্রামে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের নাম রাজকুমার শুক্লা। এই ঘটনায় রাজকুমারের সঙ্গে তাঁর দুই ভাই বাওয়া শুক্লা এবং রামকৃষ্ণ শুক্লা জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে এই তিন অভিযুক্ত। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নিগৃহীতার বছর কুড়ির মেয়ে পুলিশকে জানিয়েছেন, রাজকুমার শুক্লার আটাকল পরিষ্কারের কাজ করতেন ওই মহিলা। গত মঙ্গলবার সেখানেই তিনি কাজ করতে গিয়েছিলেন। তিনি যখন ওই আটাকলে পৌঁছন, তখন একটি ঘরের ভিতর থেকে মায়ের চিৎকার শুনতে পেয়েছিলেন। সেই আওয়াজ শুনে ঘরের দিকে ছুটে গেলেও ভিতর থেকে বন্ধ ছিল দরজা। এরপর দীর্ঘক্ষণ বাদে দরজা খুলতেই দেখতে পান যে রক্তে ভেসে যাচ্ছে ঘর। চোখের সামনে মায়ের টুকরো টুকরো করে কাটা দেহ দেখে চিৎকার করতে থাকেন তিনি। তখনই ছুটে আসে আশপাশের লোকজন। স্থানীয়রাই খবর দেয় পুলিশে। এরপর পুলিশ এসে দেহগুলি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনাটিতে তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে যে মহিলাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল। ঘটনাটিতে রাজকুমার এবং তাঁর দুইয়ের বিরুদ্ধে ধর্ষণ, খুন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “অখিলেশ বলেন, “বিজেপি সরকারের উপর সম্পূর্ণ আস্থা হারিয়েছেন উত্তরপ্রদেশের মহিলারা। এই সরকারের কাছ থেকে কোনও কিছু আশা করাই অর্থহীন।” অখিলেশ এই ঘটনার প্রসঙ্গে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার প্রসঙ্গও উল্লেখ করেছেন। বুধবার রাতে তিন অজ্ঞাতপরিচয় যুবক প্রথমে ওই বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার শ্লীলতাহানি করেন এবং জোর করে চুম্বন করেন। পরে ওই পড়ুয়াকে বিবস্ত্র করে ভিডিয়ো রেকর্ডিংয়ের অভিযোগও উঠেছে। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।