
শেষ আপডেট: 18 December 2023 19:08
দ্য ওয়াল ব্যুরো: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছে পড়ুয়ারা। শাস্তি হিসাবে দলিত ছাত্রেদের দিয়ে গভীর ট্যাঙ্কে নেমে পরিষ্কার করানোর অভিযোগ সামনে এসেছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কর্ণাটকের কোলারের একটি আবাসিক স্কুলে এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
কোলারের মালুর তালুকের মোরারজি দেশাই আবাসিক স্কুলে এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ওই স্কুলের সপ্তম থেকে নবম শ্রেণির পাঁচ-ছয়জন ছাত্রকে সেপটিক ট্যাঙ্কে নামিয়ে পরিষ্কার করানো হয়েছে। শাস্তি হিসাবেই তাঁদের এই কাজ করানো হয়েছে। ঘটনাটিতে প্রধান শিক্ষক সহ এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে স্কুলের চারজন অস্থায়ী কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
জানা গিয়েছে, গোটা ঘটনার ভিডিও করেন স্কুলের অন্য কয়েকজন শিক্ষক। সেখান থেকেই প্রকাশ্যে আসে ন্যক্কারজনক ঘটনার খবর। ইতিমধ্যে নেটদুনিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, পিঠে ভারী ব্যাগ নিয়ে হাঁটু মু়ড়ে বসে রয়েছে পড়ুয়ারা। তাদের হাত উপরে তোলা। এক পড়ুয়ার আবার শ্বাসকষ্ট শুরু হয়। তাকে জল খাইয়ে সুস্থ করার চেষ্টা করছে এক সহপাঠী। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, গোটা ঘটনার বিশদ তদন্ত করা হবে। দোষীদের কঠিন শাস্তি দেওয়া হবে।
উল্লেখ্য, হাত দিয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার চল ভারতে বহু বছর আগেই নিষিদ্ধ হয়েছে। তবুও এটি পুরোপুরি বন্ধ হয়নি। প্রতি বছর বহু মানুষের এই কাজ করতে গিয়ে মৃত্যু হয়। এ বার স্কুল পড়ুয়াদের শাস্তি দিতে সেই কাজ করানো হচ্ছে দেখে নিন্দার ঝড় ওঠে।