
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 11 January 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর ধরে ৬০ জন যৌন নির্যাতন করেছে দলিত তরুণীকে। এমনই অভিযোগ উঠল কেরালায়। কিন্তু একথা কাউকে জানাতে পারেননি তিনি। অবশেষে কাউন্সেলিংয়ের সময় ভেঙে পড়লেন। তখনই সামনে এল এই ভয়াবহ নির্যাতনের কাহিনী।
কেরালার পাথানামথিত্তা এলাকায় 'মহিলা সমাক্য' নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রুটিন কাউন্সেলিংয়ের কাজ করা হচ্ছিল। তরুণীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বললে বিষয়টি সামনে আসে। পাঁচ বছর ধরে তাঁকে কতোটা অত্যাচারের শিকার হতে হয়েছে সেসব কথা তিনি শেয়ার করেন সংস্থার কর্মীদের সঙ্গে। পাথানামথিত্তা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে এরপর কথা বলেন কর্মীরা। বিষয়টি তাঁদের জানানো হয়।
তরুণীর কাউন্সেলিং করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। মনোবিদের কাছে আরও বিস্তারিত জানান। সেখান থেকে জানা যায়, তাঁর যখন ১৩ বছর বয়স, তখন থেকে তাঁর ওপর যৌন নির্যাতন চলছে। বর্তমানে তিনি ১৮। প্রথম নির্যাতিত হয়েছিলেন প্রতিবেশীর থেকে। পর্নোগ্রাফি দেখিয়ে তাঁকে নির্যাতন করা হয়।
তরুণী জানান, তিনি স্কুলে স্পোর্টসে অ্যাক্টিভ। বিভিন্ন খেলায় অংশ নেন। সেই সূত্রেও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়। সেই থেকে ট্রমায় চলে যান।
এই ঘটনায় এপর্যন্ত ১৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তরুণী বয়ান রেকর্ড করা হচ্ছে। তদন্ত চলছে। বাকিদেরও খোঁজ করছে পুলিশ।
পাথানামথিত্তা ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন এন রাজীব জানান, অভিযোগ পেয়েছেন তিনি। তরুণীর সুরক্ষায় ও নিরাপত্তায় সমস্ত পদক্ষেপ করা হবে। বলেন, 'মামলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস এইট থেকে একজন যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।'