
শেষ আপডেট: 4 December 2023 08:45
দ্য ওয়াল ব্যুরো: স্কুল-কলেজ বন্ধ। সকাল থেকেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইতে। উপকূল অঞ্চল ভাসছে। রাস্তাঘাটে জল জমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। মৌসম ভবনের পূর্বাভাস ৫ তারিখ ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড়ের। এখন দক্ষিণ অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে মিগজাউম। তার আগেই দুর্যোগ শুরু হয়ে গেছে।
তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর দিয়ে এগোনোর পথে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর সেটি অন্ধ্রপ্রদেশের দক্ষিণে এবং তামিলনাড়ুর উত্তর ভাগে আছড়ে পড়বে।
মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যে ৮০-৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। চেন্নাইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে। দুর্যোগের আশঙ্কায় দক্ষিণ-পূর্ব রেল ৩-৬ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু থেকে ১১৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। উপকূল এলাকায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে (এনডিআরএফ)।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৮টি টিম তৈরি আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরী ও ওড়িশা উপকূলে। আরও ১০টি টিমকে তৈরি রাখা হয়েছে। ৫ তারিখ অবধি ওড়িশায় কমলা সতর্কতা জারি হয়েছে।
অন্ধ্রপ্রদেশেও রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ উপকূলের এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ঘূর্ণিঝড়ের প্রভাব ফেলতে পারে ওড়িশাতেও। সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।