
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 December 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগের কথা। বম্বে আদালতে মামলা দায়ের করেছিলেন এক গ্রাহক। কী না, বেসরকারি ব্যাঙ্কের এক রিলেশনশিপ ম্যানেজার তাঁর ফিক্সড ডিপোজিট ভেঙে প্রায় ৩ কোটি টাকা নিজের কিছু অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিলেন।
গোটা ব্যাপারটা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানালে তাঁরা মামলা দায়ের করার পরামর্শ দেন। আদালতে মামলা দায়ের করা হলে সম্প্রতি ওই বেসরকারি ব্যাঙ্ক খোয়া যাওয়া ২.৯ কোটি টাকা ফিরিয়ে দিল।
মীনাক্ষী কাপুরিয়া নামে ওই মহিলা মামলা দায়ের করে জানান, যে তাঁর শাখার রিলেশনশিপ ম্যানেজার পায়েল কোঠারি তাঁর অনুমতি ছাড়াই ফিক্সড ডিপোজিট ভেঙে ৩ কোটি টাকা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়েছিলেন। মীনাক্ষীর বয়ানের ভিত্তিতে আদালত নোটিশ পাঠায় ওই বেসরকারি ব্যাঙ্ক ও রিজার্ভ ব্যাঙ্ককে।
মীনাক্ষী প্রশ্ন তোলেন, 'ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার যখন তাঁর ফিক্সড ডিপোজিট ভেঙে কোটি কোটি টাকা লুট করে গোপনে নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। তখন একটাও এসএমএস আসেনি। এটা কী করে সম্ভব?' পরে দেখা যায় মীনাক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নম্বর, ঠিকানা যাবতীয় তথ্য বদলে দিয়েছিলেন অভিযুক্ত।
আদালত অবশ্য এখনও এই ঘটনায় কোনও চূড়ান্ত রায় ঘোষণা করেনি। তার আগেই ওই বেসরকারি ব্যাঙ্ক সেই মহিলাকে ফিরিয়ে দেয় ২.৯ কোটি টাকা।
বিশেষজ্ঞদের পরামর্শ, সমস্ত লেনদেনে কড়া নজর রাখতে হবে। কোনও রকম বেগতিক দেখলেই ব্যাঙ্কের সঙ্গে কথা বলে নিতে হবে। তাছাড়া অযাচিত কোনও লিঙ্কে ক্লিক করা কিংবা পিন জেনারেট করার ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তাঁদের তরফে।