
মিনাল খান। ইনসেটে।
শেষ আপডেট: 1 May 2025 14:48
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানিদের ভিসা বাতিলের ভারতীয় সিদ্ধান্তে নানান ঘটনা সামনে আসছে। যেমন-যমজ শহর ইসলামাবাদ-রাওয়ালপিন্ডির একজন ভারতে ১৭ বছর ধরে ছিলেন। শুধু তাই নয়, নির্বাচনে ভোটও দিয়েছেন। তেমনই মুদাসর নামে এক শহিদ কাশ্মীর পুলিশ কর্মীর মা শামিমাও বিয়ের সময় পাক অধিকৃত কাশ্মীরের নাগরিক ছিলেন বলে তিনিও বিতাড়নের তালিকায় উঠে এসেছেন। এবার জম্মুর এক সিআরপিএফ জওয়ানের স্ত্রীর খোঁজ মিলল, যিনি আদতে পাকিস্তানি।
জম্মু-কাশ্মীরের নিরাপত্তায় বহু বছর ধরে সেখানে মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী। যার মধ্যে সিআরপিএফ হল অন্যতম একটি বাহিনী। এহেন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকা জওয়ানের অনলাইনে পাকিস্তানি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনা সকলের চোখ কপালে তুলে দিয়েছে। পাক পাঞ্জাবের বাসিন্দা মিনাল খানের সঙ্গে মুনির খানের পরিচয় অনলাইনে।
তারপর থেকে তাঁরা ক্রমশ প্রেমে পড়েন। এবং ২০২৪ সালের মে মাসে তাঁরা অনলাইনেই নিকাহ করেন। ভিসার জন্য ৯ বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালের মার্চ মাসে মিনাল ভারতে আসেন। তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায় গত ২২ মার্চ। তারপরেও তিনি কী করে ভারতে থেকে গিয়েছেন তা জানা না গেলেও গত ২২ এপ্রিল তাঁকে ভারত ছাড়ার একটি নোটিস দেওয়া হয়।
সরকার ভিসা নিয়ে আসা সমস্ত পাকিস্তানিকে ভারত ছাড়ার শেষদিন জানিয়ে দেয় ২৯ এপ্রিল। সেই মতো তাঁকেও একটি সীমান্তগামী বাসে তুলে দেওয়া হয়। কিন্তু, একেবারে শেষ মুহূর্তে মিনালের আইনজীবী অঙ্কুর শর্মার তৎপরতায় আদালতের নির্দেশে এযাত্রা রেহাই পান মিনাল।
জম্মু থেকে আট্টারি-ওয়াঘা সীমান্তে যাওয়ার বাসে উঠে পড়লেও আইনজীবী আদালত থেকে স্থগিতাদেশ বের করেন। গ্রেটার কাশ্মীর নামে ইংরেজি সংবাদ মাধ্যমের খবর, মিনালের আইনজীবী ছিলেন স্থানীয় বিজেপির মুখপাত্র। উল্লেখ্য, মিনালের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জমা পড়েছিল পহলগাম হামলার আগেই।
অন্যদিকে, বুধবার ভারত ছেড়ে চলে যাওয়ার সময় আবদুল ওয়াহিদ ভাট নামে এক পাকিস্তানির মৃত্যু হয়। তাঁর বয়স ৮০ বছর। তিনি ১৯৮০ সাল থেকে ভারতে রয়েছেন। জানা গিয়েছে, তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। আট্টারির চেকপোস্ট গেটের সামনেই বাসে তাঁর মৃত্যু হয়।