
শেষ আপডেট: 13 October 2023 20:35
দ্য ওয়াল ব্যুরো: তালসারি সৈকতে ঘুরে বেড়াচ্ছে কুমির! দৃশ্য দেখেই শিউরে উঠলেন স্থানীয় মৎস্যজীবীরা। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
চারিদিকে এখন পুজোর আমেজ। পর্যটকদের আনাগোনা লেগেই আছে তালসারিতে। চরের কাছে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন মৎস্যজীবীরা। এমন সময় এক মৎস্যজীবী দেখতে পান কিছুটা দূরে একটি মস্ত বড় কুমির ঘুরে বেড়াচ্ছে। তা দেখতেই হইচই শুরু হয়ে যায়। মৎস্যজীবীর চিৎকার শুনে বিশ্রাম মাথায় ওঠে বাকিদের। হুড়োহুড়ি পড়ে যায় তালসারির চরে। তাঁরা খবর দেন ভোগরাই ব্লকের বন দফতরে। বনকর্মীরা গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়।
কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের কালনা পুরসভা এলাকার একটি জায়গায় এক বাসিন্দার বাড়ির সামনে ঘোরঘুরি করতে দেখা যায় একটি কুমিরকে। তাতেই হইচই পড়ে গিয়েছিল গোটা এলাকায়। রাত থেকে কুমিরটি পাড়ার রাস্তায় ঘোরাঘুরি করছিল। এবার সমুদ্র সৈকতে দেখা গেল সেই একই দৃশ্য।