
সীতারাম ইয়েচুরি
শেষ আপডেট: 6 September 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ক'দিন আগেই দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই সিপিআইএম নেতা। বৃহস্পতিবার রাতে জানা গেছিল তাঁর অবস্থার অবনতি হয়েছে এবং তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। কিন্তু সিপিএম-এর তরফে শুক্রবার বিবৃতি দিয়ে স্পষ্ট করা হল, এমন খবর ভুল। সীতারাম স্থিতিশীল আছেন।
শুক্রবার সিপিএম কেন্দ্রীয় কমিটির তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইয়েচুরিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক এমন তথ্য ঠিক নয়। বর্তমানে তিনি দিল্লি এইমসের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ইতিবাচক সাড়াও দিচ্ছেন তিনি। প্রসঙ্গত, এর আগে ৭২ বছরের ইয়েচুরির ছানি অপারেশনও হয়েছিল। যে কারণে ইচ্ছে থাকলেও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও কলকাতায় শেষ শ্রদ্ধায় হাজির থাকতে পারেননি।
গত ১৯ অগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে। এই মুহূর্তে এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক দল বর্ষীয়ান সিপিএম নেতাকে পর্যবেক্ষণে রেখেছেন। বর্ষীয়ান নেতার অসুস্থতার খবরে স্বাভাবিকভাবে বিচলিত দলের নেতা, কর্মীরা। তবে দলীয় বিবৃতি তাঁদের স্বস্তি দেবে।
২০২১ সালের ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ইয়েচুরির বড় ছেলে আশিসের। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। বেশ কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মৃত্যু হয়। সে সময় টুইট করে এখবর জানিয়েছিলেন ইয়েচুরি নিজেই।