
শেষ আপডেট: 10 December 2023 21:19
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে ভুগছিলেন অর্থকষ্টে। তাই শেষ পর্যন্ত নেন চরম সিদ্ধান্ত। বেড়াতে গিয়ে ১১ বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী হন দম্পতি। কর্ণাটকের একটি রিসর্ট থেকে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর্থিক অনটনের কারণে আত্মঘাতী হয়েছে পরিবারটি। মৃতদেহগুলির পাশে পাওয়া সুইসাইট নোট থেকে জানা গিয়েছে, পরিবারটি কেরলের কোল্লামের বাসিন্দা। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
পাহাড়, জঙ্গল ঘেরা কোডাগুর একটি রিসর্ট থেকে ওই দম্পতি ও তাঁদের ১১ বছরের মেয়ের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, দম্পতির নাম বিনোদ (৪৩) এবং জুবি আব্রাহাম (৩৭) এবং তাঁদের মেয়ের নাম জোহান (১১)। রিসোর্টের ম্যানেজার আনন্দ জানিয়েছেন, শনিবার সন্ধে ৬ টার দিকেও পরিবারটিকে কটেজে দেখা যায়। কিছুক্ষণ বিশ্রামের পর তাঁরা রিসোর্টে ঘুরতে বের হয়। বেড়াতে আসার পরও পরিবারটির ব্যবহারের মধ্যে অস্বাভাবিক কিছুই দেখা যায়নি। বেশ খোশমেজাজেই ছিলেন তাঁরা। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতের খাবার খেয়ে ফিরে আসার আগে পরিবারটি রিসর্টের কাছের একটি দোকানেও গিয়েছিল। বিনোদ রিসোর্টের কর্মীদের বলেছিলেন যে, তারা শনিবার সকাল ১০ টায় চেক আউট করবেন। শনিবার সকালে কাউকে দেখতে না পেয়ে রিসর্টের কর্মীরা ডাকাডাকি করেন।
রবিবার বেশ অনেকক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় রিসর্ট কর্তৃপক্ষের। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রিসর্টের ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রিসর্টের ওই ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে প্রবল আর্থিক অনটনের কথা বলা হয়েছে। তাই আর্থিক অনটনের জেরেই পরিকল্পনা মাফিক রিসর্টে এসে পরিবারটি আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতদের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।