
অরবিন্দ কেজরিওয়াল।
শেষ আপডেট: 8 February 2025 10:55
দ্য ওয়াল ব্যুরো: বুথ ফেরত সমীক্ষার আভাস সত্যি করে রাজধানী দিল্লির ভোটে গণনার শুরু থেকেই এগিয়ে বিজেপি। পোস্টার ব্যালটের পাশাপাশি সাধারণ গণনাতেও শুরু থেকেই পিছিয়ে আম আদমি পার্টি।
শুধু তাই নয় মাঝে ২৫০ ভোটের ব্য়বধানে এগিয়ে থাকলেও আবার পিছিয়ে গেলেন আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পিছিয়ে রয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। পিছিয়ে রয়েছেন বিজেপির কয়েকজন হেভিওয়েট প্রার্থীও। কমিশন সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিজেপি ৪০, আপ ৩০টি আসনে এগিয়ে।এগিয়ে রয়েছে আপের বিদায়ী উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনার অবশ্য দাবি, "দিল্লিতে কেজরিওয়ালের নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন করবে আপই।"
টানা দু'বার দিল্লির তখতে রয়েছে আম আদমি পার্টি। অন্যদিকে টানা ২৬ বছর দিল্লির ক্ষমতা থেকে দূরে বিজেপি। তবে এবারে অধিকাংশ বুথফেরত সমীক্ষাই পদ্মশিবিরকে এগিয়ে রেখেছে। তাতে ফল প্রকাশের আগে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।
অন্যদিকে ভোটের পরও কমিশনের বিরুদ্ধে ‘অনিয়মের’ অভিযোগে সরব থাকতে দেখা গিয়েছে আম আদমি পার্টিকে (আপ)। পর্যবেক্ষকদের অনেকের মতে, ধারাবাহিক অভিযোগ তোলা থেকেই টিম কেজরিওয়ালের দুশ্চিন্তা স্পষ্ট হচ্ছে।
একই সঙ্গে উঠে আসছে, গত লোকসভা ভোটে বুথ ফেরত সমীক্ষাও। সিংহভাগ সমীক্ষক সংস্থায় জানিয়েছিল, বিজেপি এককভাবে সরকার গড়বে। তবে ফলাফল বেরোতে স্পষ্ট হয়ে যায়, সরকার গঠন করলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
দিল্লি বিধানসভায় মোট ৭০টি আসন রয়েছে। তার মধ্যে ৬২টিই রয়েছে কেজরিওয়ালের দখলে। সরকার গড়তে প্রয়োজন ৩৬টি আসন। কিন্তু বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে, কেজরিওয়ালের আপ ২৫ এর ঘর টপকাবে না। কংগ্রেস আসন না পেলেও তাদের ভোট বৃদ্ধির আপের ধরাশয়ের প্রধান কারণ হতে পারে বলেও দাবি করা হয়েছে বিভিন্ন সমীক্ষায়।
এখন দেখার দিল্লির দেড় কোটি ভোটার আগামী পাঁচ বছরের জন্য শাসক হিসেবে কাকে বেছে নিলেন।