
অতুল সুভাষ এবং নিকিতা সিঙ্ঘানিয়া
শেষ আপডেট: 31 December 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর আত্মঘাতী ইঞ্জিনিয়ার অতুল সুভাষের পরিবার ইতিমধ্যেই অভিযোগ করেছে যে, নাতিকে তাঁরা খুঁজে পাচ্ছেন না। তার কাস্টডি চেয়ে পুলিশ তো বটেই, সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। এরই মধ্যে অতুলের স্ত্রী নিকিতার বিরুদ্ধে বড় অভিযোগ উঠল। তিনি নাকি ছেলেকে ব্যবহার করে জামিন পেতে চাইছেন। এমন অভিযোগ করেছেন অতুলের আইনজীবী।
অতুলের ৪ বছরের ছেলে কোথায় আছে সে ব্যাপারে এখনও পর্যন্ত কেউই জানেন না! মৃত ইঞ্জিনিয়ারের পরিবার আগেই দাবি করেছিল, ৪ বছরের নাতির মধ্যে নিকিতাদের পরিবার তাঁদের ছেলেকেই দেখতে পায়। তাই তাঁরা তার জীবনও নষ্ট করে দিতে পারে। সেই আশঙ্কা থেকে ৪ বছরের নাতির কাস্টডি চেয়েছেন তাঁরা। কিন্তু সে আদতে কোথায়, কার কাছে রয়েছে, সেটাই এখনও স্পষ্ট হয়নি।
এই পরিস্থিতির মধ্যে অতুলের আইনজীবী দাবি করেছেন, নিকিতা নিজের ছেলেকে ব্যবহার করছেন। আদালতে শোক দেখানোর নাটক করে জামিন পেতে চাইছেন! কিন্তু এই যুক্তিতে তাঁকে জামিন দেওয়া কখনই উচিত নয় বলে দাবি করেছেন তিনি। আগামী ৪ জানুয়ারি এই জামিন মামলার শুনানি রয়েছে বেঙ্গালুরুর আদালতে। তার আগে নিকিতার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেই জামিনের বিরোধিতা করেছেন অতুল সুভাষের আইনজীবী।
অতুলের বাবা কয়েক দিন আগেই বিহারের সমস্তিপুরের ভাইনি থানায় মামলা দায়ের করেছেন নাতিকে খুঁজে পেতে চেয়ে এবং তাঁর কাস্টডি পেতে। সুভাষের মা সুপ্রিম কোর্টে মামলা করেছেন একই দাবিতে। এই ইস্যুতে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং কর্ণাটক সরকারকে নোটিস দিয়েছে বাচ্চাটির বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত সম্ভব জানানোর জন্য। এই মামলার পরবর্তী শুনানি ৭ জানুয়ারি।
জানা গেছিল, পুলিশি জেরায় নিকিতা দাবি করেছিলেন, তাঁর ছেলে কাকা সুশীল সিঙ্ঘানিয়ার দায়িত্ব রয়েছে এবং বর্তমানে ফরিদাবাদের এক বোর্ডিং স্কুলে পড়ে। কিন্তু সুশীল এই কথা অস্বীকার করে বলেছেন, তিনি নিজেই জানেন না নিকিতার ছেলে কোথায়!