
রামায়ণ উপহার দিলেন অরুণ গোভিল
শেষ আপডেট: 31 March 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: খুন করে ড্রামে ভরেছিলেন, মীরাটকাণ্ডের (Meerut Murder) সেই সাহিল-মুস্কানকে জেলে রামায়ণ উপহার দিলেন 'রাম'।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যার অভিযোগ উঠেছিল মুস্কান ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত যত এগোচ্ছে, তত সামনে আসছে স্ত্রী মুস্কান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লার নানা কীর্তি।
আপাতত তারা দু'জনেই হাজতে। এবার জেলে গিয়েই তাদের রামায়ণ উপহার দিলেন 'রিল'-এর রাম তথা বিজেপি সাংসদ অরুণ গোভিল (Arun Govil)।
রোববার বিজেপি সাংসদ মীরাট জেলে যান। সেখানে 'বাড়ি বাড়ি রামায়ণ অভিযানের' আওতায় পুলিশ অফিসার ও বন্দিদের মধ্যে রামায়ণ বিতরণ করেন। সৌরভ হত্যা মামলার মূল অভিযুক্ত মুস্কান ও জেলে থাকা সাহিলকেও রামায়ণ দেন তিনি।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, "জেলের সকল বন্দিরা মাথা নত করে শ্রদ্ধার সঙ্গে রামায়ণ গ্রহণ করেন। সকলেই জয় শ্রী রাম বলে ওঠেন। সেই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল গোটা সংশোধনাগার।'
অরুণ গোভিলের কথায়, মুস্কান ও সাহিলকে যখন রামায়ণ দেওয়া হয়, তখন তাদের চোখে অনুশোচনার জল ছিল। তিনি বন্দিদের বুঝিয়ে বলেন, রামায়ণ শুধুমাত্র একটি গ্রন্থ নয়, জীবনের সঠিক দিশা নির্ধারণে অনুপ্রেরণারও উৎস। অতীতকে মুছে ফেলা যায় না, কিন্তু ভবিষ্যতকে রূপ দেওয়া যায়।'