
শেষ আপডেট: 22 November 2023 12:38
দ্য ওয়াল ব্যুরো: মা পুলিশের উচ্চপদস্থ কর্ত্রী, আইনের রক্ষক। দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্বও অনেকখানিই তাঁর কাঁধে। তবে সেসব করেও নিজের ছেলেকেই রক্ষা করতে পারলেন না তিনি। ১০ বছরের ছেলে রাস্তায় স্কেটিং করছিল। সেই সময় বেপরোয়া গাড়ি এসে একেবারে পিষে দিল তাকে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লখনউয়ের জ্ঞানেশ্বর মিশ্র পার্ক এলাকায়। মৃত শিশুটির নাম নমিশ শ্রীবাস্তব। ১০ বছর বয়সি ওই শিশুটির মা শ্বেতা শ্রীবাস্তব লখনউয়ের অতিরিক্ত পুলিশ সুপার। জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ নমিশ স্কেটিং করছিল বাড়ির সামনের রাস্তায়। সেই সময় দ্রুতগতিতে সেখানে এসে পড়ে একটি এসইউভি গাড়ি। সেটি নমিশকে পিষে দিয়ে চলে যায়।
পুলিশের ডেপুটি কমিশনার আশিস শ্রীবাস্তব জানিয়েছেন, দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযুক্তদের ধরার জন্য পুলিশ ৫টি দল গঠন করেছিল। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর একটি সাদা এসইউভি গাড়ির সন্ধান পাওয়া যায়। সেই সূত্রেই সার্থক সিং এবং দেবশ্রী ভার্মা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০৪ এবং ২৭৯ ধারায় মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।