
সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়্গে ও রাহুল গান্ধী
শেষ আপডেট: 23 February 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েক বছরে যে ক'টা রাজ্যে ভোট রয়েছে, সেখানে লড়াই করতে মরিয়া কংগ্রেস (AICC)। অসম আর বাংলার মতো সীমান্তবর্তী রাজ্যে ভোট রয়েছে আগামী বছর। তার পরের বছরই উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচলপ্রদেশ এবং গুজরাতে। এর সব ক'টাতেই যথেষ্ট শক্তিশালী বিজেপি (BJP)।
এই আবহে রোববার বিবৃতি দিয়ে কংগ্রেসের তরফে ঘোষণা করা হল এআইসিসি-র বিশেষ অধিবেশনে (AICC Special Conference) স্থান-কাল। কংগ্রেসের মহাসচিব কেসি বেণুগোপাল ওই বিবৃতিতে জানিয়ে দিয়েছেন আগামী ৮ ও ৯ এপ্রিল গুজরাতের অহমদাবাদে অধিবেশন বসবে।
মোদীর (Modi) গুজরাতে অনুষ্ঠিত হওয়া এই বিশেষ অধিবেশনে সারা দেশ থেকে এআইসিসির সব প্রতিনিধিকে ডাকা হচ্ছে। দু'দিনব্যাপী অধিবেশনে কী কী ব্যাপারে আলোচনা হবে সে নিয়েও একটা খসড়া তৈরি করে ফেলেছে রাহুলদের দল।
বিজেপি সরকারের জনবিরোধী নীতি, সংবিধানের ওপর মোদী সরকাকারের লাগাতার হামলা নিয়ে আলোচনার পাশাপাশি এআইসিসির ভবিষ্যত কার্যসূচিও ঠিক করা হবে বিশেষ অধিবেশনে।
মহাত্মা গান্ধী ১৯২৪ সালে এআইসিসির সভাপতি হয়েছিলেন। সেই ঘটনার শতবর্ষপূর্তি উপলক্ষে বহু আগে এআইসিসির এই ধরনের বিশেষ অধিবেশন ডাকার কথা ঘোষণা করেছিল। সেই মোতাবেকই অধিবেশন ডাকা হয়েছে।
২০২৪ সালের লোকসভা ভোটে ক্ষমতা দখল না পেলেও, এনডিএ সরকারকে ধাক্কা দিতে সফল হয়েছিল কংগ্রেস। সদ্য দিল্লি বিধানসভা নির্বাচনে ১০ বছর ধরে ক্ষমতায় থাকা আপকে ক্ষমতাচ্যুত করেছে বিজেপি। অনেকটা অক্সিজেন গিলে তারা একরোখা হয়ে উঠেছে। এখন দেখার সভাপতি মল্লিকার্জুন খড়্গের নেতৃত্বে কংগ্রেস কতটা নিজেদের ঝালিয়ে নিতে পারে।
এআইসিসি অন্দরের খবর সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর শরীরটা খারাপ থাকলেও এই অধিবেশনে যোগ দেবেন। এ ছাড়াও লোকসভার বিরোধী দলনেতা রাহুল, কংগ্রেসশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বর্ষীয়ান নেতারাও আলোচনায় যোগ দেবেন।