
অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 8 February 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: এক্সিট পোল আভাস দিয়েছিল যে দিল্লিতে ২৭ বছর পর ফিরতে চলেছে বিজেপি। সেটাই কার্যত সত্যি হতে চলেছে। আপের হ্যাটট্রিক রুখে দিয়ে রাজধানীতে ফুটতে চলেছে পদ্ম। আর এই নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দলকে বিঁধতে ছাড়ল না কংগ্রেস। সরাসরি তাঁদের আক্রমণ করল হাত শিবির।
সকাল থেকে এগিয়ে-পিছিয়ে থাকার প্রবণতায় এখনও পর্যন্ত বিজেপি ৪১টি, আম আদমি পার্টি ২৯টি আসনে এগিয়ে রয়েছে। এই প্রবণতা বজায় থাকলে ২৭ বছর পর রাজধানীতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। বিশেষজ্ঞদের মতে, দিল্লি ভোটের ফল মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। আর সেটা বুঝে ফেলেছে বিরোধী শিবিরও। তাই কংগ্রেসের কটাক্ষ, হারের দায় তাঁদের নয়। আম আদমি পার্টিকে জেতানোর দায়িত্বও তাঁরা নেয়নি।
কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে বলেন, দিল্লিতে তাঁরা ১৫ বছর ক্ষমতায় ছিলেন। শক্তিশালী সরকার গড়ে তোলাই তাঁদের একমাত্র লক্ষ্য ছিল। কিন্তু আপকে জিতিয়ে দেওয়ার দায়িত্বে কংগ্রেস ছিল না। তিনি এও উল্লেখ করেন, অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ড, গোয়া গেছিলেন। সেখানের ভোটের ফল দেখলে বোঝা যাবে বিজেপি এবং কংগ্রেসের ভোট শতাংশের যে তফাৎ সেটাই আপের ঝুলিতে গেছে। বিষয়টা এখানেই স্পষ্ট যে আপের ভূমিকা কী ছিল।
দিল্লি ভোটের কয়েক সপ্তাহ আগেই কংগ্রেসের এক নেতা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াত বলে কটাক্ষ করেছিলেন! একই সঙ্গে, আপের শাসনে দিল্লি কত দুর্নীতি হয়েছে সেই নিয়েও বড় দাবি করেছিলেন। পাশাপাশি কেজরিওয়ালকে দেশবিরোধীও বলেছিলেন তিনি বলে অভিযোগ করেছিল আপ। সেক্ষেত্রে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দাবিও তুলেছিল তাঁরা!
অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে দাবি করেছিলেন, দিল্লির নির্বাচনের জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে তারা! ভোটে বিজেপিকে জিততে সাহায্য করতেই চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। সেই নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এতএব, কংগ্রেস-আপ দ্বন্দ্ব কার্যত সীমানা ছাড়িয়েছিল। বিশ্লেষকদের মতে, এটা ভোটের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে গেছে। যদিও আপ নেতৃত্ব ও বিজেপি নেতৃত্ব শেষমেশ জয়ের প্রত্যাশায় স্থির বিশ্বাসী।