
লেখা ছিল 'মোদী-আদানি এক হ্যায়।'
শেষ আপডেট: 5 December 2024 14:01
দ্য ওয়াল ব্যুরো: এই শীতে বাজারে এল নতুন জ্যাকেট। যা পরে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন লোকসভার নয়া সদস্য প্রিয়ঙ্কা গান্ধী বঢরা সহ কংগ্রেস সদস্যরা। রাহুল গান্ধীও ছিলেন, তবে তিনি তো শীতের পোশাক পরেন না, তাই তিনি পরেছিলেন পিঠে ছাপ্পা মারা তাঁর সিগনেচার টি-শার্ট। সকলেরই পিঠে গোল ছাপ্পায় লেখা ছিল 'মোদী-আদানি এক হ্যায়।'
এরকমই অভিনব প্রতিবাদ-বিক্ষোভ দেখা গেল বৃহস্পতিবার সংসদ চত্বরে। আদানির বিরুদ্ধে মার্কিন আদালতের অভিযোগ নিয়ে সংসদের শীত অধিবেশনের প্রথম দিন থেকে তুমুল হট্টগোল চলছে। বেশিরভাগ দিনই হইচইয়ের জেরে সভা পণ্ড হয়েছে। কিন্তু, এদিন কংগ্রেস সহ বিরোধী সদস্যরা গায়ে জ্যাকেট, জামা চড়িয়ে প্রতিবাদ জানালেন আদানি নিয়ে সংসদের ভিতরে আলোচনা না করতে দেওয়ায়।
কংগ্রেস সহ বিরোধীদের দাবি, আদানির বিরুদ্ধে অভিযোগ নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের। এনিয়ে বৃহস্পতিবার দেশবাসীর দৃষ্টি আকর্ষণের জন্য রাহুল-প্রিয়ঙ্কা সহ দলের এমপিরা কালো রঙের হাফ জ্যাকেট পরে প্রতিবাদ জানান। যার পিছনে লেখা মোদী-আদানি এক।
সাংবাদিকদের সামনে বিরোধী দলনেতা রাহুল বলেন, মোদীজি ইচ্ছা করেই আদানির বিরুদ্ধে তদন্ত হতে দিচ্ছেন না। যদি তিনি তা হতে দিতেন, তাহলে নিজেই ফাঁপরে পড়ে যেতেন। তদন্তে যুক্ত হয়ে যেতেন। আসলে মোদী এবং আদানি দুজনেই এক ব্যক্তি। আলাদা নন।