সনিয়া গান্ধী
শেষ আপডেট: 10 February 2025 19:27
দ্য ওয়াল ব্যুরো: খাদ্য সুরক্ষা মৌলিক অধিকার, কোনও বিশেষ অধিকার নয়। দেশের ১৪ কোটি মানুষকে খাদ্য নিরাপত্তা আইনের সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুলে দ্রুত জনগণনার দাবি তুললেন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী।
সোমবার রাজ্যসভায় সনিয়া মনে করিয়ে দেন, ইউপিএ সরকার দেশের খাদ্য সুরক্ষা ব্যবস্থাকে আইনের আওতায় নিয়ে আসে। এই আইনের মূল উদ্দেশ্য ছিল দেশের ১৪০ কোটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া। কোনও মানুষ যাতে খালি পেটে না থাকেন তার জন্যই এই বিশেষ আইন আনা হয়।
২০১১ সালে শেষবারের মতো জনগণনা হয়েছিল। এরপর নিয়ম অনুযায়ী ২০২১ ও ২০২৫ সালে সে রাস্তায় একেবারেই হাঁটেনি কেন্দ্রের মোদী সরকার। এখনও প্রকাশিত হয়নি আদমসুমারির রিপোর্ট। সেই ২০১১ সালের হিসাব ধরেই রেশন দেওয়া হচ্ছে।
কিন্তু গত ১৫ বছরে দেশে জনসংখ্যাও বাড়লেও জনগণনা না হওয়ায় আগের সিস্টেমেই দেওয়া হচ্ছে রেশন। সনিয়ার অভিযোগ দেশের খাদ্য সুরক্ষা আইন থেকে দেশবাসীকেই বঞ্চিত করছে মোদী সরকার। সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ১৪ কোটি মানুষ। ২০২১ সালের ফলে সমাজের পিছিয়ে পড়া অংশের অনেককেই এখনও খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সরকারি সহায়তা দেওয়া হচ্ছে না।’’
এরপরই সনিয়া মনে করিয়ে দেন, কেন্দ্রের উচিত বিষয়টি প্রাধান্য দেওয়া এবং যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া। তাঁর আরও অভিযোগ, চলতি বাজেটেও জনগণনার কোনও আভাস দেওয়া হয়নি। তারপরই বিষয়টি নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে।
সনিয়া আরও জানিয়েছেন, গ্রামীণ জনসংখ্যার ৭৫ এবং শহরের জনসংখ্যার ৫০ শতাংশ মানুষ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার অধিকারী। ভারতের ইতিহাসে এই প্রথম জনগণনা এত বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেস সাংসদের।