কংগ্রেস বিধায়ক উমা থমাস
শেষ আপডেট: 30 December 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো: নাচের অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন। সেখানে গিয়ে এমন কাণ্ড ঘটবে তা কে জানত! কেরালার কোচির জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন কংগ্রেস বিধায়ক উমা থমাস। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
জানা গেছে, রবিবার সন্ধেয় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উমা। এদিন কমপক্ষে ১২ হাজার নৃত্যশিল্পী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে অতিথি হয়ে উপস্থিত হন থ্রিক্কাকারার কংগ্রেস বিধায়ক। কিন্তু অনুষ্ঠানের মাঝে আচমকাই ঘটে যায় অঘটন। প্রায় ১৫ ফুট উঁচু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে নীচে কংক্রিটের মেঝেতে পড়ে যান তিনি। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। তড়িঘড়ি বিধায়ককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, এদিন ভিআইপি গ্যালারিতে ঢোকার সময় স্টেজের পাশে রাখা একটি বেষ্টনিতে পা জড়িয়ে মঞ্চ থেকে প্রায় ১৫ ফুট নীচে পড়েন উমা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, উমা থমাসের মেরুদণ্ড এবং ফুসফুসে আঘাত লেগেছে। পাঁজরে আঘাত লেগে ফুসফুসে রক্ত জমাট বেঁধে আছে। আগামী ২৪ ঘন্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। সংজ্ঞাহীন অবস্থাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেঙে গেছে মুখ এবং পাঁজরের কিছু হাড়। এছাড়াও ফুসফুসের অভ্যন্তরেও রক্তপাত হচ্ছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল দল গঠন করা হয়েছে। পরিস্থিতির দিকে সবসময় কড়া নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, স্বামী তথা কংগ্রেস নেতা পি টি থমাসের মৃত্যুর পর, ২০২২ সালে উপনির্বাচনে জিতে থ্রিক্কাকারার বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছিলেন উমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাজি চেরিয়ানও।
প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন মঞ্চ থেকে পড়ে যাওয়ার পর তাঁর মাথা এবং নাক থেকে গলগল করে রক্ত বেরতে থাকে। সংজ্ঞাহীন অবস্থাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে।