ফাইল ছবি
শেষ আপডেট: 28 December 2024 22:06
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যের সময় কোনও নিয়ম মানেনি কেন্দ্র। শনিবার দুপুরে নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হতেই এবার মোদী সরকারকে একহাত নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
শুক্রবার থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে বলে সুর চড়িয়েছে কংগ্রেস। শনিবার সেই ইস্যুতেই সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল। এদিন এক্স হ্যান্ডেলে সনিয়া তনয়ের অভিযোগ, ‘ভারতমাতার মহান সন্তানকে অপমান করেছে বর্তমান সরকার। মনমোহন সিংজি শিখ সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নিগম বোধ ঘাটে তাঁর শেষকৃত্যের আয়োজন করে তাঁকে অসম্মান করা হয়েছে।’
রাহুলের আরও অভিযোগ, ‘মনমোহন সিং টানা ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন বলেই আজ ভারত বিশ্বের অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার হতে পেরেছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য এবং স্মৃতিসৌধ নির্মাণ দেশের সবথেকে মর্যাদাসম্পন্ন কোনও স্থানেই হওয়া উচিত ছিল।’
লোকসভার বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, 'আজ পর্যন্ত, দেশের যতজন প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য করা হয়েছে, সেগুলি এমন কোথাও হয়েছে যাতে সেখানেই তাঁদের সমাধিস্থল নির্মাণের অনুমোদন থাকে এবং সেখানেই মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।’
কিন্তু মনমোহন সিংয়ের সৎকারের সময় কোনও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি। রাহুল জানান, ‘প্রয়াত কংগ্রেস নেতার প্রতি এটুকু সম্মান অবশ্যই দেখাতে পারত বিজেপি নেতৃত্বাধীন সরকার। মনমোহন সিং আমাদের সর্বোচ্চ সম্মান এবং সবথেকে সম্মানজনক সমাধিস্থল পাওয়ার যোগ্য। তিনি শিখ সম্প্রদায়কে গর্বিত করেছিলেন।'
भारत माता के महान सपूत और सिख समुदाय के पहले प्रधानमंत्री डॉ मनमोहन सिंह जी का अंतिम संस्कार आज निगमबोध घाट पर करवाकर वर्तमान सरकार द्वारा उनका सरासर अपमान किया गया है।
— Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2024
एक दशक के लिए वह भारत के प्रधानमंत्री रहे, उनके दौर में देश आर्थिक महाशक्ति बना और उनकी नीतियां आज भी देश के…
শুক্রবারই কংগ্রেসের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য এমন কোনও জায়গায় করা হোক, যেখানে তাঁর স্মৃতিসৌধ নির্মাণ করা যায়। কিন্তু পরে রাজঘাটের বদলে নিগম বোধ ঘাটে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। যদিও কেন্দ্রের তরফে শুক্রবার মধ্যরাতেই মনমোহনের স্মৃতিসৌধ দিল্লিতেই নির্মাণ করার বিজ্ঞপ্তি জারি করেছে অমিত শাহের মন্ত্রক। কেন্দ্রের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে কংগ্রেস-সহ বিরোধীরা।
শনিবার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও কেন্দ্রের বিরুদ্ধে এই ইস্যুতে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, এর আগে পর্যন্ত সব প্রধানমন্ত্রীদের শেষকৃত্যের কাজ হয়েছে রাজঘাটেই। কিন্তু মনমোহন সিংয়ের সময় সেই প্রথা কেন বদলাল মোদী সরকার। মহান মানুষটির শেষকৃত্যের জন্য ১০০০ গজ জায়গা দিতে কেন পারল না কেন্দ্র সে প্রশ্নও তোলেন তিনি। এবার রাহুল গান্ধী পোস্ট করে বুঝিয়ে দিলেন বিষয়টি নিয়ে বিরোধীরা চাপ বাড়তে চলেছে গেরুয়া শিবিরের উপর।