
নীলেশ কুম্ভানি
শেষ আপডেট: 23 April 2024 17:27
দ্য ওয়াল ব্যুরো: সুরাত লোকসভা কেন্দ্রের 'নিখোঁজ' কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানি বিজেপিতে যোগ দিতে পারেন। কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকার জন্য সোমবারই সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির মুকেশ দালাল। কংগ্রেসের অভিযোগ ছিল, ইচ্ছাকৃতভাবে বিজেপি এটা করেছে। তারপর থেকেই নীলেশের খোঁজ মিলছিল না। ফোনেও তাঁকে পাওয়া যাচ্ছিল না।
এখন কুম্ভানি কোথায় সে সম্পর্কে কংগ্রেস নেতারাও মুখে কুলুপ এঁটেছেন। তবে সূত্রে জানা গিয়েছে, কুম্ভানি গেরুয়া শিবিরে ভিড়তে পারেন। এর প্রতিবাদে মঙ্গলবার কংগ্রেস কর্মীরা কুম্ভানির সুরাতের বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখায়। তাঁকে জনতার বিশ্বাসঘাতক এবং গণতন্ত্রের খুনি বলে স্লোগান চলে। পুলিশ প্রতিবাদীদের আটক করে সরিয়ে দেয়।
৪০০ পার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঁধে দেওয়া টার্গেটে ভোট শেষের আগেই সোমবার এক রান ঘরে তোলে বিজেপি। কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল। নির্দল প্রার্থীর নাম প্রত্যাহার। আর সেই সঙ্গেই গুজরাতের সুরাত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।
বিজেপির গুজরাত রাজ্য সভাপতি সিআর পাটিল সোমবার বলেন, সুরাত লোকসভা কেন্দ্রের সব প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে, কংগ্রেস প্রার্থীর মনোনয়ন স্ক্রুটিনিতে বাতিল হয়ে গিয়েছে। ফলে, দালালকে জয়ী ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা।
একটি এক্সবার্তায় পাটিল লিখেছেন, সুরাতে প্রথম পদ্মফুল ফুটিয়েছিলেন নরেন্দ্র মোদী। আমি আমাদের প্রার্থী মুকেশ দালালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি। কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তার মধ্যে ৭ জন এবং বহুজন সমাজ পার্টির প্যায়েরেলাল ভারতী মনোনয়ন প্রত্যাহার করে নেন। সোমবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
সুরাতের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন নীলেশ কুম্ভানি। তাঁর মনোনয়নপত্রে ত্রুটি থাকার জন্য রবিবার তা বাতিল হয়ে যায়। কংগ্রেসের বিকল্প প্রার্থী সুরেশ পড়সালার মনোনয়নও বাতিল হয়ে যাওয়ায় ভোটযুদ্ধে আর কেউ রইল না। সেই হিসেবে মুকেশ দালালই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আনুষ্ঠানিক ঘোষণা হবে সম্ভবত ভোটের ফলাফলের দিন।
এই ঘটনাকে বিজেপির কারসাজি বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। সরকারের চোখরাঙানির সামনে ভয়ে সিঁটিয়ে আছে প্রশাসনিক আধিকারিকরা। কংগ্রেস নেতা এবং আইনজীবী বাবু মুঙ্গুকিয়া বলেন, কুম্ভানির তিন প্রস্তাবককে অপহরণ করা হয়েছে। মনোনয়ন বাতিলকে তিনি বেআইনিভাবে করা হয়েছে এবং পুনর্তদন্তের দাবি জানিয়েছেন।