
শেষ আপডেট: 31 January 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: ২২ জানুয়ারি নির্বিঘ্নেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়ে হয়েছে। তা নিয়ে কোনও বাদ-বিবাদের ঘটনা ঘটেনি। তবে পরদিন থেকে কিছু জায়গায় অশান্তির খবর আসতে শুরু করে।
দিল্লির জংপুরার একটি আবাসন সোসাইটির বাসিন্দা সুরণ্যা আইয়ারকে ঘিরে তুমুল গোলমাল শুরু হয়েছে। আবাসনের পরিচালন সমিতি তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলছে। নইলে তাঁকে ওই সোসাইটি ছেড়ে যাওয়ার নোটিস ধরিয়েছে পরিচালন সমিতি।
সোসাইটি সূত্রে জানা গিয়েছে, সুরণ্যা প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মেয়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাম মন্দির নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিনি রাম মন্দির তৈরির প্রতিবাদে তিন দিন উপোস করেছেন বলেও সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যোগ দেননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী এবং দলের লোকসভার নেতা অধীর চৌধুরী। তবে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের ডাক দেয়নি কংগ্রেস। স্বভাবতই মণিশঙ্কর কন্যার এমন আচরণে কংগ্রেসেরও অনেকেই বিস্মিত।
সোসাইটির সিদ্ধান্ত সম্পর্কে মণিশঙ্কর বা তাঁর মেয়ের কোনও বক্তব্য জানা যায়নি। সোসাইটির বক্তব্য, সরণ্যা ব্যক্তিগতভাবে কী করছেন সে ব্যাপারে কারও কোনও মাথাব্যথা ছিল না। তিনি সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করায় বাকি আবাসিকদের ভাবাবেগে আঘাত লেগেছে। তাঁরা দাবি তুলেছেন, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।