
মণিশঙ্কর আইয়ার। ফাইল ছবি।
শেষ আপডেট: 10 May 2024 11:44
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এবং রাজনৈতিক বিতর্ক নতুন কিছু নয়। সাম পিত্রোদার পর এবার আইয়ারের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা জমে উঠেছে। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার সুরেই আইয়ার বলেছেন, পাকিস্তানকে সমীহ করে চলুক ভারত। তা না হলে ওরা পরমাণু বোমা মারতে পারে।
এটুকু বলেই থেমে থাকেননি প্রাক্তন কূটনীতিক এবং পাকিস্তানের পক্ষে বরাবর সরব আইয়ার। বলেছেন, যদি কোনও উন্মাদ ব্যক্তি লাহোরে পরমাণু বোমা মারেন, তাহলে তার তেজস্ক্রিয়তা অমৃতসরে পৌঁছতে ৮ সেকেন্ড সময়ও নেবে না। মনে রাখতে হবে, পাকিস্তানের হাতেও পরমাণু বোমা আছে। আমাদের কাছেও আছে।
মণিশঙ্করের এই কথার ভিত্তিতে কংগ্রেস নতুন করে ফাঁদে পড়েছে। কারণ, ভারতের বিদেশ নীতির সমালোচনা করতে গিয়ে আইয়ার বলেছেন, সরকার ইচ্ছে করলে পাকিস্তানের বিরুদ্ধে গরম গরম কথা বলতেই পারে। কিন্তু প্রতিবেশী দেশকে সমীহ না করে চললে তার চরম মূল্য চোকাতে হতে পারে।
আইয়ারের মতে, পাকিস্তানের সঙ্গে ভারত আলোচনায় বসতে পারে। কিন্তু, প্রতিবেশী দেশকে পেশিশক্তি দেখালে ফল বিপরীত হতে পারে। পাকিস্তানকে ক্রমাগত উসকানি দিতে থাকলে তারা পরমাণু শক্তি প্রয়োগ করতে পারে।
মণিশঙ্কর আইয়ারের কথায়, আমরা যদি ওদের সম্মান দিই, তাহলে ওরাও শান্তিতে থাকবে। কিন্তু, আমরা যদি ওদের জ্বালাতন করি তাহলে কোনও উন্মাদ ব্যক্তি যদি ভারতে পরমাণু বোমা ছোড়ে তাহলে ফলটা কী হবে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আড়াল থেকে আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, একজন যখন বিশ্বগুরু হওয়ার কাজে ব্যস্ত, যখন গত ১০ বছরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করার কোনও কাজই হয়নি।
লোকসভা নির্বাচনে বরাবরের মতো এবারও পাকিস্তান প্রসঙ্গ এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম করে পাকিস্তানকে জড়িয়ে তাঁর সম্পর্কে টিপ্পনি করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, পাকিস্তান কংগ্রেসের শাহাজাদাকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি নিকেশ করার হুঁশিয়ারি দিয়েছেন।
পাক অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করে ভারতের অংশ করে নেওয়ার কথা হামেশাই বলে থাকেন বিজেপি নেতারা। সম্প্রতি এইসব কথারই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। প্রতিরক্ষামন্ত্রীকে তাঁর পরামর্শ, মনে রাখবেন, পাকিস্তান চুড়ি পরে বসে নেই। ওদের হাতেও পরমাণু বোমা আছে।
এরপর মণিশঙ্কর আইয়ারের এই কথার পরেই তেড়েফুঁড়ে আসরে নেমেছে বিজেপি। দলের নেতা শেহজাদ পুনাওয়ালা এই মন্তব্যের নিন্দায় বলেন, প্রতিবেশী দেশের প্রতি কংগ্রেসের ভালোবাসা কোনওদিন যাওয়ার নয়। পাকিস্তানের প্রতি কংগ্রেসের প্রেম দীর্ঘদিনের। আইয়ার হলেন সেই কংগ্রেস নেতা যিনি নরেন্দ্র মোদী সরকারকে গদিচ্যুত করতে পাকিস্তানের কাছে ভিখ মাগতে গিয়েছিলেন, বলেন পুনাওয়ালা।