
মনমোহন সিংকে শ্রদ্ধার্ঘ্য।
শেষ আপডেট: 27 December 2024 18:51
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিতে দিল্লির যমুনা তীরে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের আর্জি জানিয়েছে কংগ্রেস। শুক্রবার ওয়ার্কিং কমিটির বৈঠকের পর দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই আবেদন জানান। তারপরেই দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ও কেসি বেণুগোপাল একই দাবি জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে।
কেন্দ্রের তরফে কোনও জবাব না দেওয়া হলেও কংগ্রেসের আর্জি নিয়ে বিজেপি নেতৃত্বের সমালোচনার মুখে প্রধান বিরোধী দল। তাদের অভিযোগ, এই সেই কংগ্রেস যারা প্রয়াত প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের মৃত্যুতে যথাযোগ্য সম্মান দেয়নি। এমনকী তাঁর জন্য কোনও স্থায়ী স্মৃতিসৌধও নির্মাণ করা হয়নি। তখন প্রধানমন্ত্রী পদেই ছিলেন খোদ মনমোহন সিং।
মনমোহনের নেতৃত্বে ইউপিএ সরকারের জমানাতেই রাওয়ের স্মৃতিসৌধ তৈরি করা হয়নি। ২০১৩ সালে স্থানাভাবে তা করা সম্ভব নয়, বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্র। ইউপিএ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, একটি সাধারণ স্মৃতিসৌধের এলাকা গড়ে তোলা হবে। রাজঘাটের পাশে সেই জায়গাকে রাষ্ট্রীয় স্মৃতিস্থল নাম দেওয়া হবে। তাই সেবার অনেকে বলেন, ইচ্ছাকৃতভাবে কংগ্রেস প্রয়াত প্রধানমন্ত্রী রাওকে মর্যাদা দেয়নি।
কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে পিভি নরসিমা রাওয়ের বিরূপ সম্পর্কের কথা তখন মুখে মুখে ঘুরে বেড়াত। রাওয়ের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া এবং তাঁর মৃত্যুর পরেও তাঁকে সেভাবে স্বীকৃতি দেয়নি কংগ্রেস। কারণ হিসেবে অনেকে বলে থাকেন, রাও হলেন গান্ধী-নেহরু পরিবারের বাইরে প্রথম পূর্ণ মেয়াদের কংগ্রেস প্রধানমন্ত্রী, যিনি সনিয়ার বাধ্য ছিলেন না। ২০০৪ সালে তাঁর মৃত্যুর পরেও রাওয়ের দের ২৪ আকবর রোডের কংগ্রেস সদর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। তাঁর মৃত্যুর দশক পর ২০১৫ সালে তিনি প্রাপ্ত সম্মান পান। তাঁর স্মৃতিতে সৌধ নির্মাণ করা হয় বিজেপির জমানায়।