মনমোহন সিংয়ের অস্থি বিসর্জন অনুষ্ঠান
শেষ আপডেট: 30 December 2024 20:45
দ্য ওয়াল ব্যুরো: মনমোহন সিংয়ের পরিবারের গোপনীয়তার অধিকারকে মর্যাদা দিতেই চিতাভষ্ম বিসর্জন দেওয়ার রীতিতে যোগ দেয়নি কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে বিজেপির লাগাতার মিথ্যাচারের জবাব দিল হাত শিবির। দলের নেতা পবন খেরা এদিন এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়েছেন, ‘বিজেপি যেটা বলছে তা তাদের আইটি সেলের অপপ্রচার।’
রবিবার গেরুয়া শিবিরের তরফে অভিযোগ তোলা হয়, মাত্র ২০ ঘণ্টার মধ্যেই নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে ভুলে গিয়েছে কংগ্রেস। সে কারণেই তাঁর অস্থি বিসর্জনের সময় যমুনা ঘাটে কংগ্রেসের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। দেখা যায়নি গান্ধী পরিবারের কোনও সদস্যকেই। সোমবার তারই পাল্টা দিল কংগ্রেস।
এদিন দলের এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা লেখেন, ‘কংগ্রেস যা করেছে, মনমোহন সিংয়ের পরিবারের সঙ্গে কথা বলেই করেছে। আসলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের গোপনীয়তার অধিকারকে মর্যাদা দিতেই চিতাভষ্ম বিসর্জন দেওয়ার রীতিতে যোগ দেননি তাঁরা।’
देश के पूर्व प्रधानमंत्री डॉ. मनमोहन सिंह जी को सरकार द्वारा उचित सम्मान नहीं दिया गया।
— Congress (@INCIndia) December 30, 2024
लेकिन अब मनमोहन सिंह जी का अपमान करने वाले लोग उनके अस्थि विसर्जन पर भी घृणित राजनीति कर रहे हैं।
परिवार की निजता का सम्मान करते हुए कांग्रेस के वरिष्ठ नेतागण डॉ. मनमोहन सिंह जी की… pic.twitter.com/6UU2cvaFvx
কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা পরিষ্কার জানান, ‘মনমোহন সিংয়ের পরিবারের সদস্যদের ব্যক্তিগত পরিসরের গোপনীয়তা বজায় রাখতেই দলের শীর্ষ নেতারা কেউ তাঁর অস্থি বিসর্জনের নিয়ম পালনে অংশগ্রহণ করেননি। সনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে।’
পবন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, মনমোহন সিংকে দাহ করার সময়েও ওঁরা ব্যক্তিগত গোপনীয়তা সম্পূর্ণভাবে বজায় রাখতে পারেননি। সে কারণেই তাঁরা যাতে একান্তই নিজেদের মতো করে, সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরের মধ্যেই অস্থি বিসর্জন করতে পারেন, তার জন্যই তাঁদের থেকে দূরে থাকা হয়েছে। কারণ, এই রীতিগুলি পালন করা অত্যন্ত বেদনার। এবং পরিবারের আপনজনদের কাছে এগুলি অত্যন্ত কঠিন।'
উল্লেখ্য, এর আগে অমিত মালব্য এই বিষয়টি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'এটা দেখে খুবই দুঃখের যে কংগ্রেসের তরফে বা গান্ধী পরিবারের পক্ষ থেকে একজনও মনমোহন সিংজির অস্থি নেওয়ার জন্য উপস্থিত থাকলেন না।'
যার পাল্টা হাত শিবিরের জবাব, যখনই সংবাদমাধ্যমের নজরে আসার প্রয়োজন হয় বা রাজনীতির সময় আসে, তখন সেখানে হাত ধুয়ে নেমে পড়ে বিজেপি। কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর সময় সে কথা মনে থাকে না। এটা সত্যিই লজ্জার!