
শেষ আপডেট: 1 November 2023 09:01
দ্য ওয়াল ব্যুরো: উৎসব শেষ হতেই রান্নার গ্যাসের দামে ছ্যাঁকা। মাসের শুরুতেই ধাক্কা লাগল। ১০০ টাকার উপরে বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা।
মঙ্গলবার মাসের শেষ হয়েছে। মধ্যরাত থেকেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে ১০০ টাকা বেড়েছে। সাধারণ প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাসের দাম বদলানো হয়। আজ থেকে প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ১০৩.৫ টাকা করে। তাই পুরো নভেম্বর মাসেই বর্ধিত হারে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে।
দেশজুড়েই ভর্তুকিহীন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (১৯ কেজি) দাম বাড়ল। লকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১,৯৪৩ টাকা। ৩১ অক্টোবর পর্যন্ত সেটা ছিল ১,৮৩৯.৫ টাকা। অর্থাৎ ১০৩.৫ টাকা বেড়েছে প্রতিটি সিলিন্ডারের দাম।
দেশের অন্যান্য মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ১,৮৩৩ টাকা, মুম্বইয়ে ১,৭৮৫.৫ টাকা, চেন্নাইয়ে ১,৯৯৯.৫ টাকা।
গত সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজির ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিস ১৬৩৬ টাকা। অক্টোবর মাসে ২০৩.৫ টাকা গ্যাসের দাম বাড়ায়, নতুন দাম হয় ১৮৩৯ টাকা। এবার আরও ১০৪ টাকা দাম বৃদ্ধি হওয়ায় নতুন দাম হল ১৯৪৩ টাকা।
তবে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও হেরফের করা হয়নি। আগের মাসেও যে দামে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনেছেন, নভেম্বরেও সেই দামেও পাবেন। অর্থাৎ কলকাতায় একটি ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৯২৯ টাকা।