
এদিন হঠাৎ করে কেন নির্দিষ্ট করে শাহি-মন্ত্রককে তাক করলেন মুখ্যমন্ত্রী।
শেষ আপডেট: 16 April 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে সাম্প্রতিক অশান্তির পরিবেশ নিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোরে ইমাম-মোয়াজ্জেম-বুদ্ধিজীবীদের সভায় আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে সরাসরি শাহকে তাক করে তাঁর কাজে লাগাম টানার দাবিও তোলেন তৃণমূল নেত্রী। লোকসভা ও বিধানসভা নির্বাচনের বাইরে কোনও সভায় এভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে নিশানা করতে বড় একটা দেখা যায় না মমতাকে। তাহলে এদিন হঠাৎ করে কেন নির্দিষ্ট করে শাহি-মন্ত্রককে তাক করলেন মুখ্যমন্ত্রী।
আসলে এর পিছনে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি গোয়েন্দা রিপোর্ট। যে রিপোর্টে তৃণমূলের মদতে মুর্শিদাবাদে রক্তাক্ত হিংসা ছড়িয়েছে বলে উল্লেখ রয়েছে। আর তাতেই চটেছেন কট্টর বিজেপি বিরোধী মমতা। মুর্শিদাবাদের হিংসাশ্রয়ী ঘটনার পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
গত ১২ ও ১৩ এপ্রিল মুর্শিদাবাদের বিভিন্ন অংশে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হিংসা ছড়িয়ে পড়ে। যাতে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলে সূত্রে জানা গিয়েছে। আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশ সীমান্তবর্তী তিন জেলায় অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।
মন্ত্রক সূত্র জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট বলছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রত্যক্ষভাবে এই হিংসায় জড়়িত। যাকে পিছন থেকে সমর্থন করেছে স্থানীয় কিছু তৃণমূল নেতা। পরে যা তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মন্ত্রকের ইঙ্গিত, এই ঘটনা কেবলমাত্র হিন্দুদের টার্গেট করে হয়েছে। এবং এই কারণে ফের নতুন করে রাজ্যে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশের সম্ভাবনা জোরাল হয়েছে। মূলত বাংলাদেশিদের তাণ্ডবেই সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছে বলে বিশ্বাস অমিত শাহের মন্ত্রকের। সূত্রটি জানাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে।
কীভাবে হিংসা ছড়াল এবং কেনই বা রাজ্য সরকার সাধারণ মানুষের জানমালের রক্ষা করতে পারল না তা জানতে চাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্র এবং রাজ্যের বক্তব্য জানাতে বলেছে। আর এতেই বেজায় চটে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সে কারণেই বুধবার মুর্শিদাবাদে দাঙ্গা পরিস্থিতির জন্য সরাসরি বিজেপি তথা কেন্দ্রের সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, মুর্শিদাবাদে সম্প্রতি যে অসন্তোষ ও অশান্তির ঘটনা ঘটেছে তা পরিকল্পিত ঘটনা। বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিয়েছে বিএসএফ। বাইরে থেকে লোক এনেছে বিজেপি। তারাই অশান্তির আগুন জ্বেলেছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন? মমতার কথায়, সীমান্ত দেখে বিএসএফ। সীমান্ত সামলানোর অধিকার রাজ্য সরকারের নেই। কে ঢুকছে কে বেরোচ্ছে রাজ্য সরকার জানতে পারে না। তবে মুখ্যমন্ত্রীর এদিন মূল নিশানা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রক কালিদাসের মতো হয়ে গিয়েছে। যে ডালে বসে আছে, সেই ডাল কাটছে। আপনি তো প্রাইম মিনিস্টার কখনও হবেন না। মোদীজি চলে গেলে কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। মোদীজিকে বলব ওনাকে একটু কন্ট্রোল করতে। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে। মুর্শিদাবাদে যা ঘটেছে তা পুরোটাই পরিকল্পিত।