
শেষ আপডেট: 16 February 2024 08:12
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের তিন মন্ত্রীর আলোচনা ইতিবাচক হয়েছে বলে বৈঠক শেষে দাবি করা হল। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চণ্ডীগড়ে
এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কেন্দ্রের কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে। কিছু বিষয়ে ফের আলোচনা দরকার। রবিবার বিকালে আবার বৈঠক হবে।
একই কথা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মান। অন্যদিকে কৃষক সংগঠনের পক্ষে উপস্থিত নেতারাও বলেন, তাঁরা আশাবাদী কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবিগুলি বিবেচনা করবে। তবে পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে অবস্থানরত কৃষকেরা এখনই সরে যাচ্ছেন না। তারা রবিবার পর্যন্ত অপেক্ষা করবেন।
বৃহস্পতিবারের বৈঠকে কেন্দ্রের তরফে কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা ছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বৃহস্পতিবার রাত পৌনে ন'টায় বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক চলে।
কৃষকদের দাবিদাওয়া নিয়ে তিন দফা বৈঠক হল আন্দোলনরত সংগঠনগুলির সঙ্গে। তৃতীয় বৈঠকে কৃষক সংগঠনগুলির মূল দাবি নিয়ে বিশদে কথা হয়েছে। জানা গিয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য
নিয়ে আইন করার দাবির বিষয়ে বেশ কিছু সমাধান সূত্র নিয়ে কথা হয় বৈঠকে। কেন্দ্রীয় মন্ত্রীরা শুক্রবার দিল্লি ফিরে গিয়ে বৃহস্পতিবারের বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবহিত করবেন।
বৃহস্পতিবারের বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান কৃষকদের রুখতে হরিয়ানা সরকারের ভূমিকার বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, হরিয়ানা পুলিশ ড্রোন থেকে কাঁদানে গ্যাস স্প্রে করছে। তারা পাঞ্জাবের সীমানায় ঢুকে পড়ছে। মান জানান, কেন্দ্রীয় মন্ত্রীরা কথা দিয়েছেন তাঁরা এই ব্যাপারে হরিয়ানা সরকারের সঙ্গে আলোচনা করবেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার ইন্টারনেট পরিষেবা ফের চালু করে দেবে। হরিয়ানা সরকারও যাতে একই সিদ্ধান্ত নেয় সেজন্য কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।