.jpeg)
আজমের দরগা
শেষ আপডেট: 27 November 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: আজমির দরগার ভিতরে শিব মন্দির রয়েছে। উত্তরপ্রদেশের সম্ভালের জামা মসজিদ বিতর্কের পর অশান্তির পরপরই হিন্দুপক্ষের এই দাবির সপক্ষে আর্জি গ্রহণ করল আদালত। এ বিষয়ে নিজ নিজ মতামত জানাতে বুধবার সব পক্ষকে নোটিস দিয়েছেন আজমির পশ্চিম দায়রা বিচারক সিনিয়র ডিভিশন মনমোহন চান্ডেল। তিনি দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক দফতর এবং ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে নোটিস দিয়ে পরবর্তী শুনানির দিন হাজিরার নির্দেশ দেন।
রাজস্থানের আজমিরে খাজা মইনুদ্দিন চিস্তির এই দরগা আকবরের আমল থেকে বিখ্যাত। প্রতিবছর দেশ-দেশান্তর থেকে বহু ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন। সেই আজমির শরিফের ভিতরে শিব মন্দির ছিল বলে হিন্দুরা দাবি তুলেছে। মামলাটি গ্রহণ করে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৫ ডিসেম্বর। হিন্দু সেনার তরফে বিষ্ণু গুপ্তা দাবি করেছেন, এই দরগা আসলে একটি হিন্দু মন্দির।
আজমির দরগাকে ২০২২ সাল থেকেই শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দু সংগঠনগুলি। মহারানা প্রতাপ সেনা একে মন্দির বলে দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়ে আসছে। আজমির দরগার জানালায় স্বস্তিকা চিহ্ন আছে বলে দাবি তাদের। সংগঠনের দাবি, এটা প্রথমে শিব মন্দির ছিল, পরে দরগায় পরিণত করা হয়।