
শেষ আপডেট: 11 December 2023 12:56
দ্য ওয়াল ব্যুরো: পুরনো ক্ষত টাটকা হচ্ছে। ডোকলাম নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এই ডোকলাম মালভূমিতেই চিনা বাহিনীর রাস্তা তৈরির প্রতিবাদ করেছিল ভারত। তারই ফলস্বরূপ মাস দুয়েক মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল দুই দেশের বাহিনীই। সে টানাপড়েনের কূটনৈতিক সমাধান হয়েছিল অন্তত এক বছর পরে। ফের তেমনই কোনও পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে আশঙ্কা। ভুটানের জাকারলুং গ্রাম পুরোপুরি কব্জা করে ফেলেছে চিন। সেখানে রাস্তা, বাড়িঘর, সেনা চৌকি তৈরি হচ্ছে বলে জানা গেছে।
ম্যাক্সার স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, জাকারলুং গ্রামে অন্তত ১২৯ খানা বড় বিল্ডিং তৈরি করেছে চিন। পাশাপাশি আরও একটি জায়গায় প্রায় ৬০-৭০টা বাড়ি তৈরি হচ্ছে। ওই গ্রামে সেনা চৌকিও বানিয়েছে চিনের বাহিনী। তৈরি হচ্ছে চওড়া রাস্তা। সেই রাস্তা ভুটান ঘুরে অরুণাচল অবধি গেছে।
লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের তিব্বতি ইতিহাসের অধ্যাপক রবার্ট বারনেট বলছেন, ভুটানের ভেতরে গ্রাম বানাচ্ছে চিন। বেশ কিছু জনপদকে নিজেদের বলে দাবি করছে। সেখানে চিনের সেনা চৌকি, থানা তৈরি হচ্ছে। চিন-ভুটান সীমান্তের মধ্য ও পশ্চিম সেক্টরে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ‘তৎপরতা’র খবর মিলেছে। এমনকী, ভুটানের ভুখণ্ডে চিনা ফৌজের অনুপ্রবেশের অভিযোগও সামনে এসেছে।
পশ্চিম সেক্টরের ৩১৮ বর্গ কিলোমিটার এবং মধ্য সেক্টরের ৪৯৫ বর্গ কিলোমিটার ভুটান-ভূখণ্ড চিন দাবি করছে অনেক দিন ধরেই। ডোকলাম মালভূমির কিছু অংশও এর মধ্যে রয়েছে। ২০১৭ সালের পরেও সেখান থেকে চিনা ফৌজ সরেনি বলে অভিযোগ। সিকিম সীমান্ত লাগোয়া ভুটানের ওই ভূখণ্ডে ঢুকে চিনা ফৌজ নিয়মিত টহলদারি চালানোর পাশাপাশি সামরিক পরিকাঠামো বানিয়েছে বলেও ভারতীয় সেনা এবং রয়্যাল ভুটান আর্মি সূত্রের খবর।
ডোকলামের ঘটনার পরে পশ্চিম সেক্টরে ভুটানের পাঁচটি এলাকায় চিনা ফৌজের অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। এর মধ্যে চুম্বি উপত্যকায় পূর্ব ভুটানের প্রায় ৪০ কিলোমিটার অবধি ভেতরে ঢুকে চিনা ফৌজ রাস্তা এবং হেলিপ্যাড বানিয়েছে বলে অভিযোগ।
ভারতীয় সেনার দাবি, সিচেন লা-বাটাং লা ট্রাইজংশনই তিন দেশের সীমানা নির্ধারক। ডোকলামের উত্তরে ঢুকে চিনা সেনা পাহাড়ি এলাকায় নজরদারি যন্ত্রও নাকি বসাচ্ছে। উপগ্রহ চিত্র আরও দেখিয়েছে, ডোকলামের কাছে টানেল তৈরি করছে চিনের বাহিনী। ডোকলাম সীমান্তে যে রাস্তা তৈরি নিয়ে বিতর্কের শুরু হয়েছিল, সেই রাস্তা লাগোয়াই টানেল বানাচ্ছে চিন। মেরুগ লা-র কাছে অন্তত ৫০০ মিটার দৈর্ঘ্য সেই টানেলের। শীতে সেনাদের আশ্রয় নেওয়ার জন্যই ওই টানেল তৈরি হচ্ছে বলে অনুমান।