
শেষ আপডেট: 9 April 2024 22:36
দ্য ওয়াল ব্যুরো: এজলাসের সিংহভাগ চেয়ারই সিনিয়র আইনজীবীদের দখলে থাকে। বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েই এজলাসের শুনানি শুনতে হয় জুনিয়র আইনজীবীদের। এমনকী ল্যাপটপ হাতে নোটও নেন তাঁরা। মঙ্গলবার দুপুরের আগে পর্যন্ত দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে এটাই ছিল চেনা ছবি।
তবে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এ ব্যাপারে নিজের পর্যবেক্ষণ সামনে আনতেই দুপুরের পর থেকে এজলাসের চেহারা বদলে গেল!
আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রধান বিচারপতির এজলাসে একটি মামলার শুনানি চলছিল। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে শুনানির মাঝপথে হঠাৎই থামিয়ে দেন প্রধান বিচারপতি। তুষার মেহেতার উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, "আমি দিনের পর দিন লক্ষ্য করছি, সমস্ত তরুণ জুনিয়র আইনজীবীদের দাঁড়িয়ে ল্যাপটপ হাতে কাজ করতে হচ্ছে। দেখুন, তাঁদেরও বসার ব্যবস্থা করা যায় কি না।"
প্রধান বিচারপতির এমন পর্যবেক্ষণে এজলাস চত্বরে শোরগোল পড়ে যায়। কেন্দ্রের সলিসিটার জেনারেলও প্রধান বিচারপতির পর্যবেক্ষণকে সমর্থন জানিয়ে বলেন, "আমিও বিষয়টি অনেকদিন ধরে লক্ষ্য করেছি। যারা মামলার সঙ্গে সম্পর্কিত নন, তাদের চেয়ার খালি করার জন্যও একাধিকবার বলা হয়েছে। কিন্তু কাজ হয়নি।"
এরপরই রেজিস্টারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন প্রধান বিচারপতি। মধ্যাহ্নভোজের পরে, যখন আদালতে মামলার আবার শুনানি হয়, তখন সবাই অবাক হয়ে যায়। প্রধান বিচারপতির এজলাসে সারি সারি চেয়ার খালি!
পরে সেই আসনে বসতে দেখা যায় তরুণ আইনজীবীদের।প্রধান বিচারপতির এমন পদক্ষেপে যারপরনাই খুশি তরুণ আইনজীবীরা। তাঁদের কথায়, "এটা শুধু সুপ্রিম কোর্টের ঘটনা নয়, সারা দেশের প্রায় প্রতিটি আদালতেই এমন ছবি দেখা যায়। তাই সমস্ত আদালতেরই উচিত প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ অনুসরণ করা।"