
ফাইল ছবি।
শেষ আপডেট: 9 August 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে খুব শীঘ্রই বিধানসভা ভোট হবে, শুক্রবার জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন, জম্মু-কাশ্মীরে যত শীঘ্র ভোট করাতে চায় কমিশন। নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে অভ্যন্তরীণ বা বহিঃশক্তির চাপকে গ্রাহ্য করা হবে না।
এদিন এক সাংবাদিক সম্মেলন করে রাজীব কুমার বলেন, বিধানসভা নির্বাচনের পক্ষে জম্মু-কাশ্মীরের সব দলই। আমরাও যত দ্রুত সম্ভব ভোট করাতে দায়বদ্ধ। উল্লেখ্য, রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধিদল তিনদিনের রাজ্য সফরে রয়েছেন। তাঁরা ভোট করানোর বিষয়ে প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করতে গিয়েছেন।
শুক্রবার ছিল সেই সফরের দ্বিতীয় দিন। অপর দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও এসএস সাঁধুসহ রাজীব কুমার এর মধ্যে জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব অটল দুল্লো এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রধান আরআর সোয়াইনের সঙ্গে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের পর থেকে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়নি। গতবছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল। নির্বাচন কমিশনের সফরের প্রথম দিন শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা তাঁদের সঙ্গে মিলিত হয়।