
শেষ আপডেট: 4 January 2024 23:22
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। অর্থাৎ, পরিশ্রম করে ভাল কাজ করলে তার পুরস্কারও ঠিকই মেলে। সে কথা যে কতখানি বাস্তব, তা হাতে কলমে প্রমাণ করে দিলেন চেন্নাইয়ের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার মালিক। তবে সেই পুরস্কার যে আস্ত একখানা চারচাকা গাড়ি তা কি কেউ ভেবেছিল! সম্প্রতি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং ভাল কাজের পুরস্কার হিসেবে ৫০ জন কর্মচারীকে নতুন গাড়ি উপহার দিয়েছেন তিনি।
২০০৯ সালে স্ত্রীর সঙ্গে মিলে আইডিয়াস২আইটি টেকনোলজি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা খুলেছিলেন মুরলী নামে চেন্নাইয়ের বাসিন্দা এক ব্যক্তি। বিগত ১৪ বছরে এই সংস্থাটি কম ওঠাপড়া দেখেনি। কোম্পানির ভাল সময়ে অনেকেই পাশে থাকলেও খারাপ সময়ে অনেকেই হাত ছেড়ে দিয়েছিলেন। সেই সময় খুব কম কর্মীই ভরসা করে থেকে গিয়েছিলেন।
সংস্থার প্রতি তাঁদের এই আস্থা এবং অবদান ভোলেননি মুরলী। তিনি ঠিক করেই রেখেছিলেন, ঠিক যেভাবে তাঁরা তাঁর স্বপ্নপূরণে সংস্থার হাল ধরেছিলেন, সেভাবেই সেই সমস্ত কর্মীদের স্বপ্নপূরণে একটু হলেও সাহায্য করবেন তিনি। সেই ভাবনা থেকেই এমন অভাবনীয় কাজ করে ফেলেছেন মুরলী।
তিনি জানিয়েছেন, সম্প্রতি সংস্থার শেয়ার রূপান্তরের কাজ শুরু করেছেন তিনি। তাতেই দীর্ঘ সময়ের কর্মচারীদের সংস্থার ৩৩ শতাংশ শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুরলি। শুধু তাই নয়, সংস্থার সম্পদ বণ্টনের কাজও শুরু করেছেন তিনি ও তাঁর স্ত্রী তথা সংস্থাটির আর এক অংশীদার। তাতেই দুজনে ৫০ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মুরলী।
অনেকেরই হয়তো শুনতে অবাক লাগবে। তবে এটা প্রথমবার নয়। বরং, মুরলী নিজেই গত বছর ১০০ জন যোগ্য কর্মীকে তাঁদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের পুরস্কার হিসেবে চারচাকা গাড়ি উপহার দিয়েছিলেন।