
গৌতম আদানি, গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 21 November 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ উঠেছে। আর সেই প্রেক্ষিতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে! ভারতের বৃহত্তম সৌর প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন গৌতম আদানি। এমনই অভিযোগে আদানি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন।
মূল অভিযোগ, আমেরিকার বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দিয়েছেন গৌতম আদানি। ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে শুধু গৌতম নন, একই অভিযোগে অভিযুক্ত তাঁর ভাইপো সাগর আদানিও। এছাড়াও আরও কয়েকজন ভারতীয় ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন।
ভারতের যে সৌর বিদ্যুৎ প্রকল্পের কথা বলা হচ্ছে তা থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার পর্যন্ত লাভ করা সম্ভব হত। এই প্রকল্পের জন্যই আমেরিকা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে টাকা তুলেছিল আদানি গোষ্ঠী বলে দাবি। মোটা অঙ্কের ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়ে বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছিল বলেও অভিযোগ তোলা হয়েছে। গৌতম এবং সাগর আদানি ছাড়াও 'আদানি গ্রিন এনার্জি লিমিটেড' এবং 'আজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেড'কেও এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।
মোট ৭ জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ঘুষের প্রস্তাব ছাড়াও বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যে তথ্য দিয়েছেন আদানিরা। অন্যান্য অভিযুক্তদের মধ্যে আছেন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেডে’র সিইও বিনীত জৈন, রুপেশ আগরওয়াল, সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল, রঞ্জিত গুপ্ত, এবং দীপক মলহোত্রা নামের ব্যক্তিরা।