
প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 March 2024 15:55
দ্য ওয়াল ব্যুরো: ২৩ আগস্ট ২০২৩। ইতিহাস সৃষ্টি করেছিল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয়েছিল চন্দ্রযান ৩। দক্ষিণ মেরুর যে জায়গায় ল্যান্ডার 'বিক্রম' নেমেছিল, সেই জায়গাকে 'শিবশক্তি' পয়েন্ট নামে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণার ৭ মাস পর রবিবার ওই নামটিকে অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা আইএইউ। গত ১৯ মার্চ এই অনুমোদন দেওয়া হয়েছে।
চন্দ্রযান ৩-এর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী এই নামকরণ করেছিলেন। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, এবার থেকে ২৩ আগস্ট দিনটিকে 'জাতীয় স্পেস দিবস' হিসেবে মানা হবে। কিন্তু ল্যান্ডার বিক্রম-এর অবতরণের জায়গাটিকে 'শিবশক্তি' নাম তিনি কেন দিয়েছিলেন তার আলাদা ব্যাখ্যা দেন নরেন্দ্র মোদী। জানিয়েছিলেন, শিব নামের মধ্যে মানবসভ্যতার কল্যাণের সংকল্প রয়েছে। আর শক্তির মাধ্যমে ওই সংকল্প পূরণ করার সাহস তৈরি হবে। সেই কারণেই ভারতের এই বিরাট সাফল্যের পর চাঁদের দক্ষিণ মেরুর ওই পয়েন্টের নামকরণ শিবের নামে করেছেন তিনি।
চন্দ্রযান ৩ অভিযান সফল হওয়ায় চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ স্থানে নাম লিখিয়ে নিয়েছে ভারত। এর আগে আছে আমেরিকা, রাশিয়া এবং চিন। তবে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণের কৃতিত্ব ভারত একাই পাবে। কারণ এতদিন সেখানে কোনও দেশই মহাকাশযান অবতরণ করাতে পারেনি।
চন্দ্রযান-৩-এর বাজেট ছিল ৬১৫ কোটি টাকা। আমেরিকা বা রাশিয়া চাঁদের অভিযানে যে অর্থ খরচ করে, তার তুলনায় এই অর্থ অনেকটাই কম। তবে চাঁদে পৌঁছনোর জন্য যে তা যথেষ্ট তা প্রমাণ করে দিয়েছে ইসরো। এক্ষেত্রে বলা যায়, হলিউডের অনেক সিনেমার বাজেটের থেকে কম খরচে ভারত এই সাফল্য অর্জন করেছে। চন্দ্রযান-১ এবং চন্দ্রযান-২ খুব ব্যয়বহুল না হলেও তাদের বাজেট এর থেকে কিছুটা বেশিই ছিল।