
ভি রামসুভ্রমনিশান
শেষ আপডেট: 24 December 2024 08:13
দ্য ওয়াল ব্যুরো: স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হোন গতমাসে অবসর নেওয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কিন্তু ওই পদের জন্য শেষ পর্যন্ত বেছে নেওয়া হল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুভ্রমনিশানকে। ২০২৭- এর ডিসেম্বর পর্যন্ত তিনি ওই পদে থাকবেন। গত বছর সুপ্রিম কোর্টের বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন তিনি।
ডি ওয়াই চন্দ্রচূড়কে কেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করা গেল না? ওই কমিশনের চেয়ারম্যান পদের জন্য বাছাইয়ের কাজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন একটি কমিটি। কমিটির বাকি তিন সদস্য হলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
গত জুন মাসে বিচারপতি অরুণ মিশ্র অবসর নেওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদটি ফাঁকা ছিল। গতমাসে চন্দ্রচূড় অবসর নেওয়ার পর পদটি পূরণে উদ্যোগী হয় সরকার।
জানা গিয়েছে বৈঠকে কমিটির প্রধান প্রধানমন্ত্রী মোদী ডি ওয়াই চন্দ্রচূড়কে।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করার প্রস্তাব দিলে তীব্র আপত্তি করেন খাড়্গে ও রাহুল। প্রধান বিচারপতি হিসাবে চন্দ্রচূড়ের কাজ নিয়ে নানা মহল থেকে সমালোচনা অব্যাহত। তাঁর দেওয়া বেশ কিছু রায় দেশের জন্য ক্ষতিকর হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই চন্দ্রচূড়ের নাম নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি।
একাধিক সূত্রের খবর, বিচারপতি চন্দ্রচূড়ও বিতর্ক আঁচ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে অনিচ্ছা প্রকাশ করেন। তাছাড়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের ন্যূনতম যোগ্যতা হল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। সেখানে চন্দ্রচূড় ছিলেন প্রধান বিচারপতি।