
রেখা গুপ্তা ও তাঁর শাশুড়ি
শেষ আপডেট: 20 February 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তকে বেছে নিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব! বুধবার সন্ধ্যায় নতুন নির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়। প্রথমবার ভোটে জিতেই মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁর আদরের বৌমা। যে কারণে যারপরনাই খুশি সদ্য মুখমন্ত্রীর শাশুড়ি।
বৌমার সাফল্যে উচ্ছ্বসিত শাশুড়ি এক সাক্ষাৎকারে বলেন, রেখা যেভাবে ঘরের সবটা নিপুণভাবে সামলান, সমান তালে রাজনীতি করেন। প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ি জানিয়ে দিলেন, "চমকেগা নাম রেখা গুপ্তা, চমকেগা দিল্লি।" স্ত্রীর এহেন সাফল্যে আপ্লুত তাঁর স্বামী মণীশও।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা-সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ২৭ বছর পরে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। অন্য দিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
১৯৯২ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজে পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ-এর সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক জীবনের সূচনা করেন রেখা। ১৯৯৬-৯৭ সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভানেত্রী নির্বাচিত হন। পরে ২০০৭ সালে উত্তর পিতমপুরা থেকে পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন রেখা। ২০১২ সালে ফের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর দক্ষিণ দিল্লি পৌর নিগমের মেয়র হন তিনি।
রেখার শুধু সাংগঠনিক প্রশিক্ষণ নেই তাঁর প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে। এটাই সবার থেকে বেশি নম্বর পাইয়ে দেয় রেখাকে। সঙ্ঘ পরিবারও সেই কারণে তাঁর নামই প্রস্তাব করে। তা ছাড়া দিল্লিতে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের বিপুল জনভিত্তি রয়েছে। এই বানিয়া তথা বেনেরা বরাবরই সরকারের তাঁদের প্রতিনিধিত্ব আশা করে। রেখাকে মুখ্যমন্ত্রী পদে বাছাই করে সেই রাজনীতিতেও শান দিল বিজেপি।