.webp)
ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানাল কেন্দ্রীয় সরকার
শেষ আপডেট: 17 August 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটী ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক শনিবার ঘোষণা করেছে যে, কেন্দ্র একটি কমিটি গঠন করবে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে সরকারকে সুপারিশ দেবে এই কমিটি। এই কমিটির কাছে রাজ্য সরকারগুলি সহ সংশ্লিষ্ট সব পক্ষই তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবে।
এদিকে, শনিবারই মধ্যপ্রদেশ হাইকোর্ট বিক্ষোভরত ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহার করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। অস্থায়ী প্রধান বিচারপতি সঞ্জীব সচদেব এবং বিচারপতি রাজমোহন সিং একটি আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেয়। আদালত বলেছে, ডাক্তারদের যদি অভিযোগ জানানোর থাকে তাহলে তাঁরা তা হাইকোর্টে জমা দিতে পারেন।
একইসঙ্গে মন্ত্রক বিক্ষোভরত ডাক্তারদের বৃহত্তর জনস্বার্থে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে। বিশেষত এই বর্ষাকালের সময় ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডাক্তারদের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
এক বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ গভর্নমেন্টাল মেডিক্যাল কলেজেস অ্যান্ড হসপিটালসের প্রতিনিধিরা নয়াদিল্লিতে মন্ত্রকের সঙ্গে দেখা করেন। সব সংগঠনই চিকিৎসা কেন্দ্রে নিরাপত্তার দাবি জানায়। মন্ত্রক মন দিয়ে তাঁদের বক্তব্য শুনেছে। এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সুনিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। যারা চিকিৎসা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে সরকারকে সুপারিশ জানাবে।
আরজি কর কাণ্ডে শনিবার দেশজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেয় চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ফলে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও পরিষেবা বন্ধ থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছিল আইএমএ। ফলে রাজ্য থেকে দেশ, হাসপাতালে গিয়েও দুর্ভোগের মুখে রোগী ও পরিজনেরা। বুধবার মধ্যরাতে আর জি করে ভাঙচুর এবং আন্দোলনকারীদের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতিতে নামার ডাক দেয় আইএমএ।