
নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 7 May 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার ১৫ দিনের (Jammu Kashmir Terror Attack) মাথায় পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিয়েছে ভারত। তিন বাহিনীর যৌথ অভিযানে সফল হয়েছে 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)।' আর এই স্ট্রাইকের পরই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর, এই বৈঠকের পর রাষ্ট্রপতি ভবনেও গেছিলেন তিনি। পাশাপাশি বৃহস্পতিবার সর্বদল বৈঠকের ডাকও দেওয়া হয়েছে। ওই বৈঠকে 'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনা হওয়ার কথা।
'অপারেশন সিঁদুর' নিয়ে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে দাবি করেছে, এই অভিযান সফল। যে লক্ষ্য দেশের তরফে নেওয়া হয়েছিল তা পূরণ হয়েছে ১০০ শতাংশ। মূল উদ্দেশ্য ছিল, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি ধ্বংস করা। কোনও সেনা ক্যাম্পে হামলা চালানোর লক্ষ্য নেওয়া হয়নি। বেছে বেছে সেইসব জঙ্গিঘাঁটিই ধ্বংস করা হয়েছে। বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের সদরঘাঁটি, মুরিদকের লস্কর-ই-তৈবার ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র। পাশাপাশি কোটলি, সারজালের বিভিন্ন অংশে হামলা চালিয়েছে ভারতীয় সেনা।
প্রত্যাঘাত নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাংবাদিক বৈঠক করে বলেছেন, 'যারা নির্দোষদের হত্যা করেছে, শুধু তাঁদের ওপরেই হামলা করা হয়েছে। সতর্কতা অবলম্বন করেছে ভারত। ভারতীয় নাগরিকরা সেনার প্রতি কৃতজ্ঞ।' প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর - এই ৬-৭ ঘণ্টার মধ্যে হামলা চালায় ভারত। সূত্রের খবর, মূল হামলা চালানো হয় ২৫ মিনিট ধরে। এই ২৫ মিনিটে ৯টি জায়গায় ২৪ বার মিসাইল হামলা করা হয়েছে। এতেই নিকেশ হয়েছে ৭০ জন জঙ্গি বলে দাবি।
নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্য রয়েছে। মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার একাধিক কমান্ডার, প্রশিক্ষক ও নেতার। গুরুতর আহত মাসুদের ভাই ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফাও।
যে ধরনের মিসাইল ব্যবহৃত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য 'স্ক্যাল্প ক্রুজ মিসাইল' এবং 'হ্যামার বম্ব'। এই স্ক্যাল্প ক্রুজ মিসাইলকে 'স্টরম স্যাডো' বলা হয়। প্রায় ২৫০ কিলোমিটারের রেঞ্জ রয়েছে এই মিসাইলের। আর হ্যামার বম্ব আদতে 'হাইলি অ্যাজাইল মডিউলার মুনিশন এক্টেন্ডেড রেঞ্জ'-এর বোমা। অত্যাধুনিক বাঙ্কার এবং উঁচু বিল্ডিং ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা হয়।