
ধর্মেন্দ্র প্রধান
শেষ আপডেট: 22 June 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে এখনও পর্যন্ত ১৯ জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানতে পেরেছে, ৩৫-৪০ লক্ষ টাকায় প্রশ্ন বিক্রি হয়েছিল। এই দুর্নীতির পিছনে থাকা 'সলভার গ্যাং'-এর কথাও প্রকাশ্যে এসেছে। কিন্তু এত কিছুর পরও নিট পরীক্ষা বাতিল করেনি কেন্দ্রীয় সরকার। কেন?
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আগেই জানিয়েছিল, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। শনিবারই সেই কমিটি গঠিত হয়েছে যাতে রয়েছেন এইমস, ইসরোর প্রাক্তন কর্তারা। তার আগে অবশ্য ইউজিসি নেট পরীক্ষা বাতিল করা হয়েছে। কারণ সেই পরীক্ষাতেও অনিয়ম হয়েছে বলে জানা গেছে। কিন্তু নিট পরীক্ষা যে বাতিল করা হচ্ছে, এমন কথা বলা হয়নি। সেটারই কারণ ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
২০০৪ এবং ২০১৫ সালের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার মতো ২০২৪ সালে নেটের প্রশ্নফাঁসের ঘটনার প্রভাব নয়। তাই পরীক্ষা বাতিল করা হয়নি। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, ওই দুই বছর প্রশ্নফাঁসের ঘটনার অভিঘাত অনেক বেশি ছিল। তাই পুরো পরীক্ষা বাতিল করা হয়েছিল। কিন্তু চলতি বছরের প্রশ্নফাঁসের ঘটনার প্রভাব অধিকাংশ পরীক্ষার্থীর ওপর পড়েনি। তাই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০২৪ সালের নিট দুর্নীতি প্রকাশ্যে আসার পরই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রকাশ্যে আসার পরই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর ঝাড়খণ্ড থেকে আরও ৫ জন ধরা পড়ে। মূলচক্রীও পুলিশের জালে। সবমিলিয়ে ১৯ জন গ্রেফতার হয়েছে। আগে যারা এই ঘটনায় গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে ছিল ৬ জন মিডলম্যান, ৪ জন পড়ুয়া এবং ৩ জন অভিভাবক। ধৃত এক পড়ুয়াই পুলিশি জেরায় ইতিমধ্যে শিকার করেছে যে, ৩৫-৪০ লক্ষ টাকায় এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে নিটের প্রশ্ন প্রথমবার ফাঁস হয়েছিল হাজারিবাগের একটি প্রস্তুতি সেন্টার থেকে।