
শেষ আপডেট: 16 January 2024 15:27
দ্য ওয়াল ব্যুরো: মেট্রো স্টেশনের কায়দায় দেশের সমস্ত রেশন দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থ্রি-ডি কাটআউট বসানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল খাদ্যমন্ত্রক। 'বিনামূল্যে রেশন দিচ্ছে কে? নরেন্দ্র মোদী।' দেশজুড়ে রেশন দোকানে এমন হোডিং তৈরিতে খাদ্যমন্ত্রকের তরফে ২২ কোটি টাকা খরচও ধরা হয়। যা প্রকাশ্যে আসতে জোর বিতর্ক শুরু হয়।
এবার ক্রেতাদের রেশনের খাদ্যসামগ্রী সংগ্রহের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ দেবে কেন্দ্র। লোকসভা ভোটের আগেই এই ব্যাগ বিলি হবে। জানা গেছে, এক একটি ব্যাগের ধারণ ক্ষমতা থাকবে ১০ কেজি। ব্যাগগুলির গায়ে প্রধানমন্ত্রী মোদীর ছবি থাকবে। এমনকী কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সম্পর্কেও বিস্তারিত লেখা থাকবে ব্যাগের গায়ে।
সূত্রের খবর, এজন্য প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্যমন্ত্রক। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা ২০.০৩ কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্র।
প্রসঙ্গত, সবকিছুতে মোদীর এই আত্মপ্রচার নিয়ে আগেই বিভিন্ন সভা সমাবেশ থেকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি বলেছিলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। সেদিকে কেন্দ্রের লক্ষ্য নেই। উল্টে জনগণের করের টাকায় বিজেপি শুধু সবকিছুকে গেরুয়াকরণ করতেই ব্যস্ত!”
জানা গেছে, ভোটের আগেই দ্রুত প্রধানমন্ত্রীর ছবিওয়ালা এই ব্যাগ বিলি করতে সম্প্রতি বৈঠকে বসেছিলেন খাদ্যমন্ত্রকের আধিকারিকরা। গত ১১ জানুয়ারি এ ব্যাপারে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অশোক কেকে মিনাকে চিঠিও দিয়েছেন খাদ্যমন্ত্রকের যুগ্মসচিব অনিতা করণ।
জানা যাচ্ছে, এফসিআইকে মোট ২০ কোটি ৩ লক্ষ ৪৯ হাজার ৪৬৯টি ব্যাগ তৈরির কথা জানানো হয়েছে চিঠিতে। এজন্য অর্থমন্ত্রকের তরফে মোট ২৯৫ কোটি ৫১ লক্ষ ৫৪ হাজার ৬৬৮ টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে। এখন থেকে গ্রাহকদের বছরে দু’বার এই ব্যাগ বিলি করবে কেন্দ্র। ব্যাগ পিছু খরচ ধরা হয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা।