
প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 August 2024 23:45
দ্য ওয়াল ব্যুরো: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। আর তাতে অনুমোদন মিলেছে নতুন পেনশন স্কিমের। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। নতুন যে পেনশন প্রকল্প আসছে তাতে উপকৃত হতে চলেছেন অন্তত ২৩ লক্ষ সরকারি কর্মচারী।
এতদিন দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ‘ন্যাশনাল পেনশন স্কিম’ (এনপিএস) চালু রয়েছে। তবে এই প্রকল্প নিয়ে অনেকেরই অনেক অভিযোগ ছিল। দাবি উঠেছিল এই প্রকল্পে বদল আনার। এনপিএসের অধীনে অবসর গ্রহণের পর সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত নয় বলেই অভিযোগ করে এই প্রকল্প বদল করার আর্জি জানানো হয়। এখন কেন্দ্রীয় ঘোষণা অভিযোগকারীদের শান্ত করবে বলেই অনুমান।
নতুন যে পেনশন প্রকল্প আসছে তার নাম দেওয়া হয়েছে ‘ইউনিফাইয়েড পেনশন স্কিম’ (ইউপিএস)। আগামী বছর ১ এপ্রিল থেকে চালু হবে এটি। যদিও আগের প্রকল্প তুলে নেওয়া হচ্ছে না। বরং পেনশভোগীরা এখন থেকে অপশন পাবেন দুটির মধ্যে একটি বেছে নেওয়ার। যদিও কেউ দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন না।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব টিভি সোমনাথের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি বিভিন্ন সংস্থা এবং প্রায় রাজ্যের সব কর্মচারী সংগঠনগুলির সঙ্গে একাধিক বৈঠক করেছিল। তারপরই এই নতুন পেনশন স্কিম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ একাধিক ব্যাঙ্কের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিশ্চিত পেনশন, নিশ্চিত পারিবারিক পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশন, মূলত এই তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে নতুন প্রকল্পে। কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যদি তিনি কমপক্ষে ২৫ বছর কাজ করেন তাহলে তাঁর কর্মজীবনের শেষ এক বছরের গড় মাসিক বেতনের (বেসিক) ৫০ শতাংশ পেনশন হিসাবে পাবেন।