শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার লক্ষ্যে মোট ৬২ হাজার কোটি টাকার বেশি খরচে চালু হবে একাধিক প্রকল্প।

ফাইল ছবি।
শেষ আপডেট: 4 October 2025 07:53
দ্য ওয়াল ব্যুরো: শনির সকালে দেশের যুব সমাজকে লক্ষ্য করে একগুচ্ছ প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi inaugurates)। শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার লক্ষ্যে মোট ৬২ হাজার কোটি টাকার বেশি খরচে চালু হবে একাধিক প্রকল্প (Center's 62,000 crore development package for youth)। কেন্দ্রের দাবি, এই প্রকল্পগুলি শুধু কর্মসংস্থানের দিকেই নয়, নতুন প্রজন্মের হাতে তৈরি করবে শিল্পোদ্যোগের পথও।
সবচেয়ে বড় ঘোষণা—PM-SETU যোজনা। দেশ জুড়ে এক হাজার সরকারি আইটিআই-র মানোন্নয়ন করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দিতেই এই প্রকল্প।
বিশেষ গুরুত্ব পাচ্ছে বিহার। রাজ্যে সূচনা হবে মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভট্ট যোজনা। এর অধীনে পাঁচ লক্ষ স্নাতক পাশ যুবক-যুবতী টানা দু’বছর প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন। সেই সঙ্গে উদ্বোধন হবে জননায়ক কার্পুরী ঠাকুর স্কিল ইউনিভার্সিটি। শিল্পভিত্তিক কোর্স ও বৃত্তিমূলক শিক্ষা দিয়ে এখান থেকে তৈরি হবে আগামী দিনের কর্মশক্তি। এছাড়াও বিহারের চারটি বিশ্ববিদ্যালয়ে নতুন অ্যাকাডেমিক ও গবেষণা ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
শুধু তাই নয়, ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০০টি নবোদয় বিদ্যালয় ও ২০০টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে মোট ১,২০০ ভোকেশনাল স্কিল ল্যাব চালু হবে। আইটি, অটোমোবাইল, কৃষি, লজিস্টিকস থেকে পর্যটন—১২টি ক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন পড়ুয়ারা।
সবশেষে বিজ্ঞান ভবনে আয়োজিত হবে কৌশল দীক্ষান্ত। সেখানে আইটিআই-র সেরা পড়ুয়াদের সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী স্বয়ং।