নবরাত্রির অষ্টম দিন, মঙ্গলবার দেশকে পরমাণু অস্ত্রের হুমকির থেকেও জীবাণু হামলা ও তেজস্ক্রিয় বিকিরণ প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে সতর্ক করে দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) অনিল চৌহান।

অপারেশন সিঁদুরের অন্যতম ‘মস্তিষ্ক’ জেনারেল চৌহান।
শেষ আপডেট: 30 September 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির অষ্টম দিন, মঙ্গলবার দেশকে পরমাণু অস্ত্রের হুমকির থেকেও জীবাণু হামলা ও তেজস্ক্রিয় বিকিরণ প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে সতর্ক করে দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) অনিল চৌহান। দিল্লি ক্যান্টনমেন্টের মানেকশ সেন্টারে মিলিটারি নার্সিং সার্ভিসের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন অপারেশন সিঁদুরের অন্যতম ‘মস্তিষ্ক’ জেনারেল চৌহান। তিনি বলেন, ভবিষ্যতে পরমাণু অস্ত্র ছাড়াও যুদ্ধ বাধলে তা থেকে যে জীবাণু সংক্রমণ ঘটবে কিংবা তেজস্ক্রিয় বিকিরণের ফলে গণমৃত্যু ঘটতে পারে, তা মাথায় রেখেই ভারতকে এখন থেকে প্রস্তুত থাকা জরুরি।
তাঁর মতে, কোভিড পরবর্তীকালে জীবাণুঘটিত হানাদারির সম্ভাবনা প্রবল হয়েছে। এর জন্য প্রতিরক্ষা, প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কোভিড অতিমারি, জৈব হামলা, তা সে মানুষের সৃষ্ট হোক বা দুর্ঘটনাজনিত কিংবা স্বাভাবিকভাবে ঘটেছে। কিন্তু, ভবিষ্যতে এর বাড়বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। কারণ যুদ্ধ কৌশলেই পরিবর্তন এসে গিয়েছে।
এইসব হুমকির মোকাবিলা করা এবং সংক্রমিত মানুষের চিকিৎসা পদ্ধতিও এ ধরনের লড়াইতে পৃথক। এর জন্য নির্দিষ্ট প্রটোকল রয়েছে। আমাদেরও ভবিষ্যতে এর জন্য তৈরি থাকা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবিকে সমর্থন জানিয়ে চৌহান বলেন, ভারত পরমাণু হুমকির কাছে মাথা নোয়াবে না ঠিকই। কিন্তু, তেজস্ক্রিয় দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার তালিমও দেওয়া জরুরি।
চৌহান আরও বলেন, আমাদের দৃষ্টিতে পরমাণু অস্ত্রের প্রয়োগের সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু, তেজস্ক্রিয়তার প্রভাব এড়াতে পৃথক নিয়মবিধি রয়েছে, যা আমাদের প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা উচিত। পরমাণু অস্ত্র মোকাবিলার অর্থ হল এর ব্যবহার নিয়েও সতর্ক থাকা। আমার মনে হয়, এটাই বেশি গুরুত্বপূর্ণ।
একইসঙ্গে জেনারেল চৌহান মিলিটারি নার্সিং পরিষেবার উচ্চকিত প্রশংসা করেন এদিন। নার্সদের সমস্ত দিক থেকে ভাল রাখাটা জরুরি। মিলিটারি নার্সরা যুদ্ধক্ষেত্রে, অস্থায়ী হাসপাতালে, দুর্যোগে, সমুদ্রপথে, মানবিক মিশনে তাঁদের নিষ্ঠা ও সেবাকে তুলে ধরেছেন গত ১০০ বছর ধরে।