
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 15 January 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে। এই মামলার শুনানিতে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। তাঁদের আইনজীবীর দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সঠিক তদন্ত করছে না। দুর্নীতি হলেও তার সঠিক অনুসন্ধান হয়নি। সিবিআই তদন্তে একাধিক ত্রুটি রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছে। এর আগে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, নাকি যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা তা বিবেচনা করা হবে।
এদিন এই মামলার শুনানিতে চাকরিচ্য়ুতদের আইনজীবী দাবি করেন, সঠিক তদন্ত ছাড়া চাকরি বাতিল হয়েছে। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। সিবিআইয়ের গা-ছাড়া মনোভাব রয়েছে বলেও অভিযোগ তাঁর। তাই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার পর্যালোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২২ এপ্রিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিল। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য। পরে মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও শীর্ষ আদালতে মামলা করে।
সুপ্রিম কোর্টের নির্দেশে এর আগেই সিবিআই চাকরিহারাদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু করে। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে ২৫ হাজারের বেশি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইপর্ব হয়ে গেছে।