
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে গর্ত
শেষ আপডেট: 19 September 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সড়কে রক্ষণাবেক্ষণের অভাব। নির্মাণাধীন দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বিশাল গর্তের ছবি সামনে আসতেই বরখাস্ত করা হল এক সরকারি কর্মীকে। সূত্রের খবর, রাজস্থানের দৌসা জেলায় জাতীয় সড়কের ভয়াবহ ছবি সামনে আসতেই শুরু হয় বিতর্ক।
এক বছর যেতে না যেতেই কেন জাতীয় সড়কের মতো এমন গুরুত্বপূর্ণ রাস্তায় কীভাবে এত বড় বড় গর্ত তৈরি হল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। সম্প্রতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেসিসি বিল্ডকনের এক কর্মী শনাল হাইওয়ে অথরিটিকে চিঠি দিয়ে বিস্তারিতভাবে বিষয়টি জানিয়েছেন। সংস্থার তরফে সাফ জানানো হয়েছে, যার কারণে জাতীয় সড়কের এমন হাল তিনি ফার্মের জুনিয়র কর্মচারী ছিলেন।
মূলত প্রকল্পের বিষয়ে কোনও প্রযুক্তিগত জ্ঞান না থাকায় এমন কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত জুনিয়র কর্মচারী। ইতিমধ্যে তাঁর অপরাধের কারণে কোম্পানি থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।
সূত্রের খবর, সম্ভবত কোনও ইঁদুর বা ছোট প্রাণীর দল এমন কাণ্ড ঘটিয়েছে। লাগাতার সেই গর্তে জল ঢোকার কারণেই এমন ভয়াবহ হাল জাতীয় সড়কের। দৌসা এক্সপ্রেসয়ের প্রোজেক্ট ডিরেক্টর বলবীর যাদবের মতে, আগে থেকেই সেখানে গর্ত তৈরি হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে জল ঢুকে গর্তের আকার যেমন বেড়েছে, তেমনই ভেঙে পড়েছে জাতীয় সড়কের ওই অংশ।
বলবীর জানান, বিষয়টি নজরে আসতেই রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ খুঁজে বের করে তা মেরামতির কাজ শুরু হয়েছে। দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে দেশের বৃহত্তম। এটি ১৩৮৬ কিলোমিটার বিস্তৃত। মূলত দুটি শহরে যাতায়াতের সুবিধার বিষয়টি মাথায় রেখেই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি রাজ্যসভায় জানিয়েছেন নির্মাণকাজ ৮০ শতাংশ শেষ হলেও এখনও পুরোপুরি সারাই করতে এক বছর সময় প্রয়োজন।