
শেষ আপডেট: 3 December 2023 15:20
দ্য ওয়াল ব্যুরো: দিনের আলোয় ব্যস্ত রাস্তায় একজনকে বেধড়ক পেটাচ্ছে ৩ জন। পাথর দিয়ে থেঁতলে দেওয়া হচ্ছে, টাইলস তুলে তা দিয়েও আঘাত করা হচ্ছে। বাদ নেই ছুরিও। নৃশংস সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছেন পথচারীরা। রয়েছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও। সবটা চোখের সামনে দেখেও বাধা দিলেন না কেউই। রাজধানী দিল্লির এমনই চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
ঘটনাটি উত্তর-পশ্চিম দিল্লির আদর্শনগর এলাকার। সোশ্যাল মিডিয়ায় ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে তাড়া করেছে অন্য একজন। কিছুদূর দৌড়ানোর পর 'টার্গেট'কে ধরে ফেলে হামলাকারী। এরপর তার সঙ্গে যোগ দেয় আরও একজন। দুজনে মিলে রাস্তায় ফেলে পরপর লাথি, ঘুষি মারতে থাকে প্রথমজনকে।
ততক্ষণে রাস্তায় ভিড় জমে গেছে। উন্মুখ জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করে সেই দৃশ্য। হামলাকারীদের মধ্যে একজন ছুরি বের করে আক্রমণ করতে যায়। কিন্তু দ্বিতীয় জন তাকে বাধা দেয়। তারপর দুজনে মিলে একসঙ্গে ছুরি নিয়ে আক্রমণ করে 'টার্গেট'কে।
তারপর সেখানে হাজির হয় আরও একজন। তারপর তিনজনে মিলে একটি বাড়ির সামনে ফেলে রাস্তায় পড়ে থাকা পাথর, টাইলস তুলে নিয়ে তা দিয়ে এবং ছুরি দিয়ে কোপাতে শুরু করে নিগৃহীত ব্যক্তিকে। রাস্তায় তখন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও জমা হয়ে গেছে। সকলে মিলে সেই ভয়াবহ ঘটনা দেখলেও কেউ একটি বারের জন্যও বাধা দেননি।
এর মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসেন এক মহিলা। তিনি অভিযুক্তদের কিছু একটা বলেন। তারপরেই ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায় তিন অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রত্যেকে জাহাঙ্গীরপুরী এলাকার বাসিন্দা। তাদের আগেও অপরাধের ইতিহাস রয়েছে। সেকথা জানা ছিল বলেই লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হামলার ঘটনা দেখলেও কেউই এগিয়ে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেননি।
নিগৃহীত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে অভিযুক্তদের পুরনো শত্রুতার জেরেই এই হামলার ঘটনা বলে জানতে পেরেছে পুলিশ। ৩ হামলাকারীর বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি।