
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 March 2024 11:00
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে ভূ-স্বর্গে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি ট্যাক্সি। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জম্মু-কাশ্মীরের রামবন এলাকার জম্মু-শ্রীনগর হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতের পর দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থেকে জম্মু যাচ্ছিল ওই ট্যাক্সি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জম্মু-কাশ্মীর পুলিশ, স্টেট ডিজাজস্টার রেসপন্স টিম এবং কুইক রেসপন্স টিম। এখন ওই এলাকায় আবহাওয়া একদম ভাল নয়। বিগত ক'দিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে উদ্ধারকাজে কোনও দেরী করেনি প্রশাসন।
যে খাদে গাড়িটি পড়ে গেছে তার গভীরতা ৩০০ ফুট বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ১০ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্রের খবর, গাড়িটির চালক বলবন্ত সিং জম্মুর বাসিন্দা। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল রামবন এলাকায়। এর আগে একই ভাবে খাদে গাড়ি পড়ে গিয়ে ৪ জনের মৃত্যু হয়েছিল।
এই মুহূর্তে জম্মু কাশ্মীরে লাগাতার বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। সেই কারণেই রাস্তাঘাট ভেজা। অনুমান করা হচ্ছে, রাতের দিকে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। ভেজা রাস্তায় টায়ারের সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে।