
একদিকে আনাবিয়া, আরেকদিকে দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ
শেষ আপডেট: 31 March 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: মুহূর্তেই ইদের আনন্দ বদলে গেল বিষাদে। খুশির দিন দিল্লির পাহাড়গঞ্জের একটি পরিবারে নেমে এল শোকের ছায়া। প্রতিবেশীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দু'বছরের শিশুর। কেউ কিছু বুঝে ওঠার আগেই রবিবার সব কেমন বদলে গেল ওই পরিবারে।
রবিবার একদিকে যখন ইদের প্রস্তুতিতে ব্যস্ত ছোট্ট আনাবিয়ার বাড়ির লোকজন, তখন খুশিতে মেতে সেও। বাড়ির সামনেই খেলা করছিল কয়েকজনের সঙ্গে। একটি হুন্ডাই ভেন্যু গাড়ি এসে তাকে ধাক্কা মারে। প্রথমে গাড়িটি দাঁড়িয়ে পড়লেও পরে ফের স্টার্ট দিয়ে এগোতে বাঁ পাশের চাকায় পিষ্ট হয়ে যায় সে। রাস্তার লোকজন তড়িঘড়ি তাকে বের করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণআ করেন। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ জানিয়েছে, গাড়িটি ছিল আনাবিয়ার প্রতিবেশীর এবং দুর্ঘটনার সময় সেটি চালাচ্ছিল ওই প্রতিবেশীর ১৫ বছরের ছেলে। অপ্রাপ্তবয়স্কের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার কারণে পুলিশ পঙ্কজ আগরওয়ালকে আটক করে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দায়ের হয়েছে মামলা।
এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলছে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা নিয়ে। গত বছর পুনেতে এক কিশোরের চালানো পোরশে গাড়ি একটি বাইকে ধাক্কা মেরে দুই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের প্রাণ কেড়ে নিয়েছিল। সেসময় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দিলেও, দিল্লির সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ করে দেয় বহু মানুষ আজও কিশোর বয়সে গাড়ি চালানোর বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল নয়।
এদিকে আনাবিয়ার পরিবার এখনও বিশ্বাসই করতে পারছে না, তাঁদের ছোট্ট পরী আর নেই। ঘটনা ছড়িয়ে পড়তে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। প্রতিবেশীরা ওই কিশোর চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।