
শেষ আপডেট: 17 October 2023 07:54
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডিকে বলেছে তারা আবগারি দুর্নীতিতে ধৃত দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়াকে অনির্দিষ্টকালের জন্য জেলে আটকে রাখতে পারবে না। অবিলম্বে জানাতে হবে তদন্তের অগ্রগতি কতদূর এবং বিচার কবে শুরু হবে।
বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভিএন ভাট্টির বেঞ্চ দুই তদন্ত সংস্থার তরফে আদালতে হাজির অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে নির্দেশ দিয়েছে এই ব্যাপারে শীর্ষ কোর্টের কাছে নথিপত্র পেশ করতে। প্রসঙ্গত, ইডি, সিবিআই মণীশের বিরুদ্ধে আংশিক চার্জশিট পেশ করেছে। ফলে নিম্ন আদালতে শুনানি শুরু করা যায়নি চার্জ গঠন না হওয়ায়। অন্যদিকে, সিসোদিয়া এক বছরের বেশি সময় জেলে বন্দি। বারে বারে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে কতদিন একজন অভিযুক্তকে বিনা বিচারে আটকে রাখা যেতে পারে।
সিসোদিয়াকে নিয়ে শীর্ষ আদালতের এই প্রশ্ন দুর্নীতির মামলায় আটক অন্য অভিযুক্তদের আইনি লড়াই সহজ করে তুলবে বলে মনে করছে আইনজ্ঞমহল। এর আগে সুপ্রিম কোর্টের এই বেঞ্চই সিসোদিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ দেখে মন্তব্য করে, দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট নথি তদন্তকারীদের হাতে নেই। অল্প দিনেই মামলা খারিজ হয়ে যেতে পারে।
সোমবার শীর্ষ আদালতের ভৎসর্নার মুখে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু জানান, ফৌজদারি দণ্ডবিধির ২০৭ ধারায় অভিযুক্তকে নথি সরবরাহ করার কাজ শুরুর পর শুনানি শুরু হবে। জবাবে সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেয় মঙ্গলবারের মধ্যে ইডি-সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করতে হবে। সিসোদিয়ার জামিনের আবেদনের আর্জির বিরোধিতা করে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সরকারের ১৮টি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। আবার অপরাধ আড়াল করতে তিনি প্রমাণ লোপাট করেছেন নির্বিচারে।