
শেষ আপডেট: 4 November 2023 17:18
দ্য ওয়াল ব্যুরো: বেসুরো গানের গুঁতোয় অতিষ্ট হয়ে গুপি কাইনকে গাধার পিঠে চড়িয়ে গ্রামছাড়া করেছিলেন গ্রামবাসীরা। মনে কষ্টে জঙ্গলে আশ্রয় নেন তিনি। সেখানেই পরিচয় বাঘার সঙ্গে। তারপর 'ভূতের রাজার বর' পেয়ে গুপি কাইন হয়ে ওঠেন গুপি গাইন। তাঁর গান বেসুরো থেকে শ্রুতিমধুর হয়ে ওঠে! সিনেমা হলে হোক বা টিভির পর্দায় 'গুপি গাইন, বাঘা বাইন' দেখেননি বাঙালির মধ্যে একম লোক খুঁজতে গেছে বাইনোকুলার লাগবে! মধ্যপ্রদেশের ইমরান খানও কি নিজেকে গুপি ভাবলেন?
মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছেন ইমরান। দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে। নির্বাচনে মনোয়নপত্র জমা দিতে অভিনব পন্থা নিলেন ইমরান। গাধার পিঠে চড়ে বিডিও অফিস গেলেন নিজের মনোনয়ন জমা দিতে। রাস্তায় তাঁকে দেখে ভিড় জমে যায়। নজর তাঁর যানের দিকেই। হেলতে দুলতে গাধা পৌঁছে যায় বিডিও অফিসে।
হঠাৎ এমন কেন ইচ্ছে হল ইমরানের? মনোয়ন জমা দেওয়ার পর ইমরান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, তিনি বোঝাতে চেয়েছেন ভোটে জেতা বিধায়কদের দেখে এভাবেই হতাশ হল সাধারণ মানুষ। শুধু একা ইমরান নন, মধ্যপ্রদেশে ভোটের আগে এমনই চমক দিচ্ছেন অনেকেই। কেউ গরুর গাড়ি চড়ে, কেউ আবার ট্রাক্টরে চেপে মনোয়নপত্র জমা দিচ্ছেন। কারও পছন্দ আবার স্কুটি।
ধরা যাক, কংগ্রেস প্রার্থী ঠাকুর সুরেন্দ্র সিং সেরার কথা। এবার তিনি বুরহানপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন। মনোনয়নপত্র জমা দিতে তিনি বেছে নিয়েছেন গরুর গাড়ি।
আবার সান্বেরের কংগ্রেস প্রার্থী রিনা বোরাসি মনোয়নপত্র জমা দিতে যাওয়ার জন্য বেছে নিয়েছেন ট্র্যাক্টরকে। মধ্যপ্রদেশের মন্ত্রী তথা এবারের বিজেপি প্রার্থী বিশ্বাস সারাং স্কুটি চেপে এসে নিজের মনোয়নপত্র জমা দিলেন।